রাজ্য
দাম বাড়লেও ভাইফোঁটায় মিষ্টির দোকানে উপচে পড়া ভিড়
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে ফের চেনা ছন্দে ফিরল বাঙালি। ভাই-বোনের অটুট ভালোবাসার উদযাপনের বিশেষ দিন ভ্রাতৃদ্বিতীয়া নিয়ে বছরভর অপেক্ষায় থাকে আট থেকে আশি। আর বাঙালির যে কোনও উৎসব মিষ্টি ছাড়া একেবারেই বেমানান। ভাইফোঁটার মতো পবিত্র পার্বণে পাতে মনপছন্দ মিষ্টি না থাকলে চলেই না। তবে চলতি বছরে মিষ্টির বাজারে দামের গ্রাফ বেশ চড়া। বাজারে চিনির দাম ঊর্ধ্বমুখী, যার সরাসরি প্রভাব পড়েছে হালুইকরদের হেঁশেলে।
উৎসবের মরশুমে কেবল চিনিই নয়, একলাফে দাম বেড়েছে ছানা, ক্ষীর সহ মিষ্টি তৈরির অন্য সব আনুষঙ্গিক উপকরণেরও। স্বাভাবিকভাবেই কাঁচামালের এই মূল্যবৃদ্ধির কারণে চিরাচরিত রসগোল্লা, সন্দেশের দাম যেমন সামান্য বেড়েছে, তেমনই একটু অভিনব বা ফিউশন আইটেম কিনতে গেলেই মধ্যবিত্তের পকেটে রীতিমতো টান পড়ছে। নতুন স্বাদের মিষ্টির চড়া দামের কারণে ক্রেতাদের হাতে ছ্যাঁকা লাগার মতো অবস্থা।
তবে বাঙালির উৎসবের আবেগের কাছে বাজারের এই চোখরাঙানি যে খড়কুটোর মতো উড়ে গিয়েছে, তার প্রমাণ মিলল মিষ্টির বিপণিগুলিতে। দামের এই বাড়বাড়ন্ত উৎসবের আনন্দকে মোটেই ম্লান করতে পারেনি।
সিউড়ি শহরের মিষ্টান্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন, এবছরও ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশের ব্যাপক চাহিদা। পাশাপাশি মিল্ক কেক, বাটার স্কচ, জলভরা বা জেলিভরা সন্দেশও দেদার বিকোচ্ছে। তবে দাম শুনলে অনেকেরই মাথা ঘোরার জোগাড়। একটু ভালো মানের সন্দেশ ২০ টাকার নিচে পাবেন না। বড়ো সাইজের ‘ভাইফোঁটা’ লেখা সন্দেশ বিকোচ্ছে ৩০ টাকায়। উৎসবের সুযোগে অনেক দোকানদারই মিষ্টির দাম বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন। অন্য সময়ে যে মিষ্টি ১২ টাকায় পাওয়া যেত, তা এখন ১৫ টাকা ও ১৫ টাকার মিষ্টি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সিউড়ির এসপি মোড়ের মিষ্টান্ন ব্যবসায়ী সন্দীপ দাসের কথায়, ক্রেতারা ভাইফোঁটায় নতুনত্ব খোঁজেন। তাঁদের চাহিদা মেটাতেই নানা ধরনের মিষ্টি তৈরি করতে হয়। চিনি, ছানার দাম বাড়ায় বাধ্য হয়েই আমাদের মিষ্টির দাম কিছুটা বাড়াতে হয়েছে।
বোনেদের আবদার আর ভাইদের রসনাতৃপ্তির তাগিদে মঙ্গলবার বিকেল থেকেই জেলার বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। লাইন দিয়ে পছন্দের মিষ্টি কিনতে ব্যস্ত সকলেই। বিক্রেতারাও জানিয়েছেন, দাম বাড়লেও বিক্রিতে কোনও খামতি নেই। নতুন নতুন নকশার মিষ্টির চাহিদাই সবচেয়ে বেশি। আজ, বুধবার সকাল থেকেও জেলাজুড়ে সেই একই চেনা ছবি ধরা পড়েছে। দামের চিন্তা ভুলে ভাইফোঁটার মিষ্টির স্বাদে মজেছে বাংলা।

