ফ্রি টিকিট কেটেও যাত্রা বাতিল, কড়া পথে পরিবহণ নিগম
নিজস্ব প্রতিনিধিঃ সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ দিতে গিয়ে এ বার নজিরবিহীন সমস্যার মুখে পড়ল রাজ্যের পরিবহণ দফতর। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মেনে ক্ষমতায় আসার পর এই প্রকল্প চালু করেছে রাজ্যের বিজেপি সরকার। কিন্তু মাত্র ছ’মাসের মধ্যেই দূরপাল্লার সরকারি বাসে টিকিটের তীব্র হাহাকার দেখা দিয়েছে। অভিযোগ, অনলাইনে ‘ফ্রি’ টিকিট কেটে রাখলেও বাস ছাড়ার সময় যাত্রীদের আর দেখা মিলছে না। ফলে আসন পূর্ণ দেখালেও বাস্তবে খাঁ খাঁ করছে দূরপাল্লার বাস।
দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগম (এসবিএসটিসি) সূত্রে জানা গিয়েছে, গত ২ নভেম্বর এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অফিসের ব্যস্ত সময়ে বাঁকুড়া থেকে সল্টলেকের করুণাময়ীগামী একটি সরকারি বাসের জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর থেকে একের পর এক বিনামূল্যের টিকিট বুক করা হয়। তবে একজনের নামে নয়, বরং বিভিন্ন মহিলার আধার নম্বর ব্যবহার করে ওই বাসে মোট ২৬টি টিকিট কাটা হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি ফোন নম্বর থেকে কতগুলি টিকিট কাটা যাবে, তার কোনও নির্দিষ্ট সীমা না থাকায় নিগমের কর্মীরা সন্দেহ প্রকাশ করলেও তা আটকাতে পারেননি। কিন্তু বাস ছাড়ার সময় দেখা যায়, ওই ২৬ জন যাত্রীর মধ্যে একজনও আসেননি। কার্যত ফাঁকা বাস নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে হয় চালককে।
পরিবহণ দফতরের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রায় প্রতিদিনই এমনটা ঘটছে। এর ফলে প্রকৃত যাত্রীরা টিকিট না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং নিগমেরও বড়সড় আর্থিক ক্ষতি হচ্ছে। এই সমস্যা রুখতে এ বার কড়া পদক্ষেপ করতে চলেছে এসবিএসটিসি। নিগম সূত্রে খবর, খুব শীঘ্রই একটি নতুন সফটওয়্যার চালু করা হচ্ছে। সেই প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হবে। কোনও মহিলা যাত্রী অনলাইনে বারবার বিনামূল্যের টিকিট কেটেও যদি যাত্রা বাতিল করেন বা বাসে না ওঠেন, তবে সংশ্লিষ্ট ফোন নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে ‘ব্লক’ হয়ে যাবে। পরবর্তীতে ওই নম্বর থেকে আর এসবিএসটিসি-র কোনও বাসের টিকিট কাটা যাবে না।
এসবিএসটিসির এক শীর্ষকর্তা বলেন, ‘যে সব ফোন নম্বর থেকে এমন ফ্রি টিকিট কাটা হচ্ছে তা স্ক্যানারে রাখবে সফটওয়্যারটি। যাঁরা বারবার অনলাইনে বুকিং করেও যাত্রা করছেন না, তাঁদের নম্বর চিহ্নিত হয়ে যাবে। সেটিকে ব্লক করা হবে।’ ট্রেনের ক্ষেত্রে আইআরসিটিসির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার সীমা নির্দিষ্ট। সরকারি বাসের ক্ষেত্রেও একটি ফোন নম্বরে তেমন কোনো লিমিট করা যায় কি না, সেব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে এসবিএসটিসি।

