বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

হাসিনা-ঘনিষ্ঠ আরও সাত নেতার ফাঁসির নির্দেশ বাংলাদেশে

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
হাসিনা-ঘনিষ্ঠ আরও সাত নেতার ফাঁসির নির্দেশ বাংলাদেশে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ওপার বাংলায় শেখ হাসিনা জমানার শীর্ষ নেতা ও মন্ত্রীদের ওপর আইনের ফাঁস আরও শক্ত হল। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে এবার আওয়ামী লীগের আরও সাত জন প্রভাবশালী নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। মঙ্গলবার ট্রাইবুনালের তিন বিচারপতির বেঞ্চ এই কড়া রায় ঘোষণা করেছে। তবে ট্রাইবুনাল ফাঁসির সাজা শোনালেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দণ্ডিত নেতাদের কেউই এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে নেই। তাঁরা সকলেই বিদেশে পলাতক বলে জানা গিয়েছে।

আদালত সূত্রে খবর, মঙ্গলবার যাদের ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে, সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফত এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়াও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে। আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা, উস্কানিমূলক বক্তব্য এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চরম সাজা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে গত বছরের নভেম্বর মাসে এই একই ট্রাইবুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করেছিল। পরবর্তী সময়েও দফায় দফায় একাধিক পুলিশকর্তা ও আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। ট্রাইবুনালের সাম্প্রতিক এই রায়ের ফলে ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত হিংসার মামলায় এ পর্যন্ত মোট ২২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হল। আইনি বিশেষজ্ঞদের মতে, সাজাপ্রাপ্তরা দেশের বাইরে থাকায় এখনই রায় কার্যকর করা সম্ভব নয়। তবে ঢাকার বিশেষ আদালতের এই ধারাবাহিক রায় ওপার বাংলার রাজনীতিতে ক্ষমতাচ্যুত শাসক শিবিরের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিল।

আরও বিদেশ খবর