বিদেশ
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কারাবাসের পর অবশেষে কিছুক্ষণের জন্য জেলের বাইরে পা রাখলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু। তবে এই মুক্তি স্থায়ী নয়। মায়ের প্রয়াণের কারণে তাঁকে পাঁচ ঘণ্টার জন্য জেল থেকে বেরোনোর বিশেষ ছাড়পত্র বা প্যারোল দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ, বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশ জারি করা হয়।
কারাগার সূত্রে জানা গিয়েছে, চিন্ময় প্রভুর মা সন্ধ্যা রানী ধর (৭২) দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর খবর কারাগারে বন্দি চিন্ময় কৃষ্ণের কাছে পৌঁছলে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। মায়ের শেষকৃত্যে যাতে ছেলে উপস্থিত থাকতে পারেন, সেই আর্জি জানিয়ে পরিবারের পক্ষে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিয়ে এই সাময়িক মুক্তির আদেশ অনুমোদন করেন।
২০২৪ সালের নভেম্বর মাসে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা সহ মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট তাঁকে চার-পাঁচটি মামলায় জামিন দিলেও, অন্যান্য গুরুতর মামলার প্রক্রিয়া বিচারাধীন থাকায় তাঁর স্থায়ী জেলমুক্তি সম্ভব হয়নি। এত মাস পর এই প্রথম তিনি জেলের বাইরে এলেন। প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট পাঁচ ঘণ্টার সময়সীমা শেষ হওয়া মাত্রই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে আবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে পুণ্ডরীক ধাম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

