আফগানিস্তানে পাকিস্তানের এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা নয়াদিল্লির
নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হানার ঘটনার কড়া ভাষায় তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার নয়াদিল্লির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, একটি স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডে এই ধরনের সামরিক আগ্রাসনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সমগ্র অঞ্চলের শান্তি, স্থায়িত্ব এবং নিরাপত্তার পরিপন্থী। এই সংকটের আবহে আরও একবার স্পষ্ট ভাষায় আফগানিস্তানের পাশে থাকার জোরালো বার্তাও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
জানা যায়, পূর্ব আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানি ফাইটার জেট। ইসলামাবাদ দাবি করেছে, এই এয়ার স্ট্রাইকে ২৮ জঙ্গির মৃত্যু হয়েছে। যদিও কাবুলের পালটা দাবি, পাক হামলায় তিন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চারজন। হতাহতের এই ঘটনায় আফগানিস্তানের বক্তব্যেই সিলমোহর দিয়েছে রাষ্ট্রসংঘ। এই ইস্যুতে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানাই। আফগানিস্তানের কুনার ও পাকটিকা প্রদেশে এই বিমান হামলা চালানো হয়েছে। হামলার এই ঘটনায় বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি বলেন, কোনো দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে এই ধরনের হামলা আঞ্চলিক শান্তি বিঘ্নিত করে। ভারত সবসময়ই আফগানিস্তানের শান্তি ও সার্বভৌমত্বের সপক্ষে।
কূটনৈতিক মহলের মতে, পাকিস্তানকে বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে, সন্ত্রাস দমনের অছিলায় প্রতিবেশী দেশের সীমানা লঙ্ঘন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে আফগানিস্তানের সাধারণ মানুষের দুর্দশার কথা মাথায় রেখে ভারত যে মানবিক ও কৌশলগত দিক থেকে কাবুলের পাশে রয়েছে, তাও পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি। এর আগে পাকিস্তানের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সরব হয়েছিল কাবুলও। এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই কড়া অবস্থান ইসলামাবাদের ওপর চাপ আরও বাড়াল বলেই মনে করছেন ভূরাজনীতি বিশেষজ্ঞরা।

