শেষ পর্যায়ে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি বার্তা জয়শঙ্করের
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টানাপোড়েন এবং দফায় দফায় আলোচনার পর অবশেষে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ভারত-আমেরিকা প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এমনই আশার কথা শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর দাবি, এই চুক্তিকে ঘিরে থাকা অধিকাংশ জটিলতারই সমাধান হয়ে গিয়েছে। তবে এখনও হাতেগোনা কয়েকটি বিষয় নিয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছনো বাকি রয়েছে, যা নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে জোরকদমে আলোচনা চলছে।
এ দিন ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ যোগ দিয়ে জয়শঙ্কর জানান, বাণিজ্য চুক্তির আলোচনা এখন ‘ফিনিশিং লাইন’ বা শেষ ধাপের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। তাৎপর্যপূর্ণ ভাবে বিদেশমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, যে সামান্য কয়েকটি বিষয় এখনও আটকে রয়েছে, তার অধিকাংশই আমেরিকার দিকের সমস্যা। ভারতের তরফে জট প্রায় কেটে গিয়েছে।
আগামী ডিসেম্বরের ১৪ ও ১৫ তারিখ আমেরিকার মায়ামিতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর। সেই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহলের অনুমান, ওই সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। আর সেই বৈঠকেই বহু প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তিতে চূড়ান্ত সিলমোহর পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিকে কেন্দ্র করে ২০২৫ সালের শুরু থেকেই ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই জট কাটাতেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথে হাঁটে দুই দেশ। জয়শঙ্কর এ দিন স্পষ্ট করে দিয়েছেন, ভারত এমন একটি ভারসাম্যমূলক চুক্তি চাইছে, যা দেশের অর্থনীতির পক্ষে লাভজনক হবে। পাশাপাশি, বিশ্ব বাজারে প্রতিযোগী অন্যান্য দেশগুলির তুলনায় ভারতীয় পণ্য যাতে শুল্কের ক্ষেত্রে বাড়তি সুবিধা পায়, তা নিশ্চিত করতেও বদ্ধপরিকর নয়াদিল্লি। তবে দেশের কৃষক এবং দুগ্ধ শিল্পের স্বার্থের সঙ্গে কোনওরকম আপস যে করা হবে না, সেই অবস্থানও স্পষ্ট রেখেছে ভারত। সব মিলিয়ে, এখন শেষ মুহূর্তের জট কাটার অপেক্ষায় দুই দেশ।

