তিন বছর পর এসসিও বৈঠকে ভারতে পাক মন্ত্রী
নিজস্ব প্রতিনিধিঃ ‘অপারেশন সিন্দুর’-এর পর এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের কোনও মন্ত্রী। শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ভারত সফরে আসবেন সে দেশের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক। নয়াদিল্লিতে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সিভিলাইজেশনের (এসসিও) একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতেই তাঁর এই ভারত সফর।
দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, তিন দিনের এই সফরে মুসাদিক মালিক এসসিও-র নির্ধারিত বৈঠকে অংশ নেবেন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন। এর আগে ২০২৩ সালে শেষ বার পাকিস্তানের প্রতিনিধি হিসেবে তৎকালীন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি এসসিও বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন।
বিলাবল ভুট্টোর সেই সফরের দীর্ঘ তিন বছর পর ফের পাকিস্তানের কোনও মন্ত্রীর ভারত সফর হতে চলেছে। বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’-এর পরবর্তী পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল। সেই আবহে বহুপাক্ষিক মঞ্চের সম্মেলনে যোগ দিতে পাক মন্ত্রীর এই নয়াদিল্লি যাত্রা কূটনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
তবে এই সফরের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত দুই দেশের তরফেই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আপাতত এসসিও সম্মেলনের মূল কর্মসূচিতে যোগ দিতেই আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে পৌঁছবেন মুসাদিক মালিক। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

