যথার্থ তীর্থ ও দেবতা
যোগবাসিষ্ঠে আছে, শ্রীবসিষ্ঠ রামচন্দ্রকে বলছেন, হে রাম নাবিকের নিকট থেকে যেমন সাগর- তরণোপযোগী নৌকা লাভ হয়ে থাকে, সেইরূপ তত্ত্বজ্ঞ গুরুর নিকট থেকে তাঁর সেবা দ্বারা সংসার সমুদ্র উত্তীর্ণ হবার উপায় জানা যায়। সেবাই বিদ্যালাভের প্রকৃষ্ট উপায়। গীতামুখে শ্রীভগবান বলছেন—তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম, তত্ত্ববিষয়ক জিজ্ঞাসা ও সেবা দ্বারা গুরুর নিকট থেকে বিদ্যা লাভ করা কর্তব্য। আর সাধুসঙ্গ সর্বদা কর্তব্য, কারণ — মহানুভাবসম্পর্কঃ কস্য নোন্নতিকারকঃ। অশুচ্যপি পয়ঃ প্রাপ্য গঙ্গাং যাতি পবিত্রতাম্।। মহাপুরুষ কার না উন্নতি বিধান করে থাকে? অশুচি জলধারাও গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পবিত্রতা লাভ করে থাকে। সৎসঙ্গে চিত্তে সারাসার বিবেক জাগ্রত হয়, ঈশ্বরের অনুরাগ হয় এবং বিষয়বাসনা ক্ষীণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোন নির্দিষ্ট জল বিশেষই তীর্থ নয় অথবা মাটি ও পাষাণনির্মিত মূর্তি বিশেষই একমাত্র দেবতা নয়। দীর্ঘকাল সেবিত হলে তারা পুরুষকে পবিত্র করে থাকে। সাধুগণের দর্শন কিন্তু তৎকালেই শুদ্ধির কারণ হয়ে থাকে। তত্ত্বজ্ঞ সাধুগণই যথার্থ তীর্থ ও দেবতা। তাঁরা জঙ্গমতীর্থ ও ভগবানের চলবিগ্ৰহরূপে প্রসিদ্ধ। ভোগবাসনা ক্ষীণ না হলে নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করেও বিপরীত ফল উৎপন্ন করে থাকে। এইরূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহৌষধ। সৎসঙ্গে বিষয়ভোগবাসনা ক্ষীণ হতে থাকে। তারপরে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তন করলে ফল পাওয়া যায়। সৎসঙ্গ শব্দের মুখ্য অর্থ হলো সতের সঙ্গ অর্থাৎ সৎস্বরূপ পরমাত্মার সঙ্গ, তাঁর সঙ্গে এক হয়ে যাওয়া অর্থাৎ ব্রহ্মাকারা ভিত্তিতে স্থিত হওয়া। ক্ষণিকের জন্যও ঐ বৃত্তিতে স্থিত হলে সর্ব অবিদ্যা ও সংসারবন্ধন বিনাশ প্রাপ্ত হয়। " "ক্ষণমিহসজ্জনসঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা।" সৎসঙ্গ শব্দের গৌণ অর্থ হল সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধুগণের সঙ্গ। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের রচিত গ্রন্থ ও তাদের অনুভূতিসমুজ্জ্বলা বাণী অধ্যয়ন করাকেও সৎসঙ্গ বলা হয়। অতএব মহাপুরুষগণের সাক্ষাৎ সঙ্গলাভ না হলেও তাঁদের রচিত গ্রন্থাদি অধ্যয়ন ও মনন করা মুমুক্ষু ব্যক্তির কর্তব্য।

