জীবন নদীর প্রবাহ
ভালো আর মন্দ এই নিয়ে মানুষের জীবন। নদীর ঢেউয়ের মত ওঠা আর পড়া। নদীর সঙ্গে মানুষের জীবনের প্রবাহকে তুলনা করলে একটাই অমিল থেকে যায়, নদী সবশেষে গিয়ে হাজির হয় সমুদ্রে। মহাসমুদ্রে মিলিত হওয়ার পর নদীর পৃথক কোন সত্তা থাকেনা। মানুষের জীবন শেষ হয় মৃত্যুতে। দুটি প্রবাহের মধ্যে পার্থক্য অনেক। নদীর অন্তে মহাসমুদ্র, মানুষের জীবনের অন্তে মুছে যাওয়া। যদিও সমাজের বহু মানুষের জীবন মহাজীবনে রূপান্তরিত হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবন শেষ হয় বিস্মরণের মধ্যে। যদি কেউ মনে রাখে, সেও কিছুদিনের জন্য। আর সেই মনে রাখায় সব সময় শ্রদ্ধার স্মরণ থাকবে তা নয়। মানুষ চলে যাওয়ার পরেও যারা থাকলেন—আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, তারা বসবেন চুলচেরা বিশ্লেষণে। কারও ভাগ্যে নির্ভেজাল শ্রদ্ধার স্মরণ, প্রশংসা জুটবে বলে মনে হয় না। একদল মানুষ যাকে মাথায় তুলবেন, আর একদল তাকে পায়ে ফেলবেন। পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে দুটি শক্তি—একটি প্রাকৃতিক আরেকটি মানবিক। প্রাকৃতিক শক্তি কারও তোয়াক্কা করে না। ঝড় জল ভূমিকম্প জলোচ্ছ্বাস কোনটাই মানুষের মুখ চেয়ে হয় না, সবই প্রকৃতির ইচ্ছা। তখন মনে হতে পারে মানুষ কার পৃথিবীতে বাস করছে! যেখানে তার মতামতের কোন দাম নেই। অন্যদিকে মানবিক যে ব্যাপারগুলি সেটিও অনেকগুলি শর্তনির্ভর। যে মানুষ একটি গোষ্ঠীর প্রিয় বা শ্রদ্ধেয়, আরেকটি গোষ্ঠীর কাছে তার স্থান মাটির ধুলায়। এটি প্রতিনিয়ত দেখা যায় রাজনীতির জগতে। আর আমাদের পারিবারিক ক্ষেত্রেও তা একই রকমের সত্য। আসলে পরিবার একটি সাংঘাতিক ফাঁদ। যখন যৌথ পরিবার ছিল তখনো একই পরিবারের কোন মানুষের ভাগ্যে চিরকাল প্রশংসা জুটেছে এমন কথা ভাবা যায় না। কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ। কেউ বলবে স্বার্থপর। শ্রদ্ধার আসনটি অধরাই থেকে যায়। কবি রজনীকান্ত সঠিকভাবে লিখেছেন—কেউ নয়ন ভরে দেখে আলো কেউ দেখে আঁধার। সংসার জীবনে ভালোবাসা শব্দটিও আপেক্ষিক। তথাপি আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে হিংসা, সন্দেহ, স্বার্থপরতা, সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে নিজের শরীর ও মনকে বিশুদ্ধ রূপে গড়ে তুলতে। এর জন্যই প্রয়োজন আধ্যাত্মিক জীবনের অনুসন্ধান। এক হাতে সংসারের কাজ, আর একটি হাত ঈশ্বরের পাদপদ্মে। আর কাজ হয়ে গেলেই দুটি হাতই ঈশ্বরের পাদপদ্মে রাখা।

