শাস্ত্র যো হুঁজুর বলে
ঊনবিংশ শতকের শহরজীবনের প্রেক্ষাপটে বিচার করলে দেখা যায়, শ্রীরামকৃষ্ণ তথাকথিত পোশাকি সভ্যতাকে সম্পূর্ণ বর্জন করেছেন। তিনি তন্ত্র- মন্ত্রহীন কিন্তু আকাশের মতো উদার। তিনি কেতাবি জ্ঞানকে উপেক্ষা করেছেন এই সত্য প্রমাণ করতে যে, প্রকৃত জ্ঞান উদিত হয় ঠিক সূর্যোদয়ের মতো। হাজার বছরের অন্ধকার একটি দেশলাইকাঠির আলোকে নিমেষে আলোকিত হয়। তিনি যা বলেছেন শাস্ত্রসকল তাঁর পিছনে যো হুঁজুর বলে হাজির থেকেছেন। তিনি প্রমাণ করেছেন জ্ঞান আগে চলে, পিছনে চলে শাস্ত্র। ঠিক যেমন স্বামীজীর অত্যন্ত প্রিয় গ্রন্থ "ইমিটেশন অফ ক্রাইস্ট"-এ বলা হয়েছে, 'সেই মানুষ কত আনন্দিত হয়, যখন সত্য স্বয়ং এসে তাকে শেখায়। প্রতীক ও বর্ণমালার মাধ্যমে যে শিক্ষা, তার স্মৃতি বিস্মৃতি আছে, কিন্তু সত্য যখন নিজে এসে উদিত হন তখন ভরপুর আনন্দ।' জ্ঞান অন্তরেই আছে, বিকাশই হলো শিক্ষা। চিন্তা স্বাধীন। আরোপ হলো বন্ধন। শ্রীরামকৃষ্ণ মানুষের মনের ধারাকে যেন তিনটি থাকে সাজিয়ে দিলেন—অজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞান। জগতের সৃষ্টিকর্তা অর্থাৎ জগৎ-কারণস্বরূপ পরমেশ্বরকে অস্বীকার করার নাম অজ্ঞান। সে একজনের যতই শিক্ষাগত ডিগ্ৰী থাকুক না কেন। তিনিই সব, তিনিই সব করাচ্ছেন, মানুষ যন্ত্রমাত্র— এই বোধের উদয় হলো জ্ঞান। আর বিজ্ঞানকে শ্রীরামকৃষ্ণ স্বয়ং দর্শন করেছেন। এই দর্শনজ্ঞান হলে "জ্ঞান" শব্দটিই লোপাট, তখন কেবল অনুভূতি ও আস্বাদন। তিনি উপমা দিয়েছেন —একটি মেয়ের সদ্য বিবাহ হয়েছে। সে এইবার বাপের বাড়িতে এসেছে। বান্ধবীরা সবাই ঘিরে ধরে জিজ্ঞেস করছে ভাই সে কেমন! সেই "কেমন"-টা বর্ণনা করা যায়, কিন্তু উপলব্ধিতে আসেনা। সেই "কেমন" -এর সঙ্গে সাক্ষাৎযোগে উপলব্ধি আসে। যতভাবেই বলি না কেন আস্বাদনের দিকটি পেতে হলে স্বামীসঙ্গ করতে হয়। পাখি ওড়ে, আমি জানি। এটি জ্ঞান। বিজ্ঞানে যেতে হলে আমাকে উড়তে হবে নীল আকাশে পাখা মেলে।

