বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

মায়ের বাহন কেন পেচক?

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬
মায়ের বাহন কেন পেচক?
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

 শ্রী, সৌন্দর্য , সৌভাগ্যের এবং পরা বিদ্যার অধিদেবতা মা লক্ষ্মীর বাহন কদাকার,কর্কশকন্ঠ, দিবান্ধ, হিংস্রভাব পেচক কেন ? আপাতদৃষ্টিতে মনে হয় যেন মা লক্ষ্মীর সবই ভালো, শুধু বাহন নির্বাচন সম্বন্ধেই তাঁর রুচিবিকৃতি। এত সুন্দর সুন্দর পশু পক্ষী থাকতে নিন্দিত পেচকটাকে কেন তিনি এত পছন্দ করে বসলেন ? ঋকবেদে যাকে দেখেছি যমের দুতরূপে, সেই হিংস্র পেচকটা কি লক্ষ্মীর পাশে উড়ে এসে জুড়ে বসেছে ? দীর্ঘকাল অগণিত প্রাণী হিংসা করে এখন কি ওর সুমতি হয়েছে, তাই কি সে লক্ষ্মী ছেলে হয়ে লক্ষ্মীর কোলে আশ্রয় প্রার্থী ? এইসব প্রশ্নের উত্তরে এক কথায় বলা যায়, লক্ষ্মীর সঙ্গে পেচকের সম্মেলন সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। ধানের শত্রু দুরন্ত মূষিককুল সংহার করে সে ধন রক্ষার ব্রত পালন করছে। তাছাড়া ধন অর্জন ও পরমার্থ চিন্তা এই দুই দিক থেকেও লক্ষ্মীর পেচক বাহন বেশ তাৎপর্য বহন করে। দিনেরবেলা পেচক নিরীহ গোবেচারা! গাছের কোটরে আত্মগোপন করে থাকে। রাত্রির অন্ধকারে সে দুর্ধর্ষ দস্যু। নিরপরাধ ঘুমন্ত পক্ষীশাবক এবং ভেক ও মূষিক তার শিকারের অব্যর্থ লক্ষ্য। পেচকের পক্ষদ্বয় বিধাতা এমন সুকৌশলে নির্মাণ করেছেন যে, বিদ্যুৎ বেগে উড়ে গেলেও তাতে বিন্দুমাত্র শব্দ হয় না। ফলে চোর ও দস্যুর মত অতর্কিত আক্রমণে সে অনায়াসেই সাফল্য অর্জন করে। মানুষের সমাজেও এইরূপ একদল অর্থলোলুপ পিশাচ আছে যাদের স্বভাব হিংস্র পেচকের মত। এরা রাতারাতি ফেঁপে উঠতে চায়। অন্ধকার পথেই এদের চঞ্চলা লক্ষ্মীর অনুসন্ধান। অতর্কিতে অজ্ঞাতসারে এরা সমাজের উপর অবাধ লুন্ঠনবৃত্তি চালিয়ে যাচ্ছে এবং নিরীহ মানুষের বুকের রক্ত চুষে খাচ্ছে। শুধু ব্যক্তিগতভাবে নয়, সমষ্টিগতভাবেও এই পেচক বৃত্তির নির্লজ্জ প্রকাশ দেখা যায়। লক্ষ্মী এখানে অবিদ্যারূপিণী অলক্ষ্মী। এঁর ভজনা করে অসুর, দৈত্য, দানব, ভোগবাদীরা। সর্বভূতের যা রাত্রি, সংযমীর পক্ষে তা দিন। সকল প্রাণী যখন পরমার্থ বিষয়ে নিদ্রিত, বিষয়ভোগে জাগ্রত কিন্তু সংযমী মানুষ তথা সাধু পরমার্থ বিষয়ে জাগ্রত, বিষয়ভোগে নিদ্রিত। বাহ্যদৃষ্টিতে পেচকের যতগুলি দোষ, সাধক তা থেকে আপন আত্মনোতির জন্য ততগুলি গুণ আহরণ করতে পারেন। আমরা জানি যম— সংযম ও ধর্মের প্রতীক। ধনদেবী লক্ষ্মী যমের চিহ্নটি স্বয়ং ধারণ করে ধন উপার্জনের ক্ষেত্রেও সংযমবুদ্ধি ও ধর্মীয় চেতনা মানুষের অন্তরে জাগিয়ে দিতে সচেষ্ট। সেই কারণে তত্ত্বের দিক থেকে লক্ষ্মীর বাহন পেচক অযৌক্তিক নয়।

আরও বোধিবৃক্ষ খবর