বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে পুরীতে কড়া বিধিনিষেধ, বন্ধ স্কুল ও গুণ্ডিচা মন্দির

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে পুরীতে কড়া বিধিনিষেধ, বন্ধ স্কুল ও গুণ্ডিচা মন্দির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অভিমুখ বদলে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বুধবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই পূর্বাভাস দেওয়ার পরই চূড়ান্ত সতর্কতা জারি করেছে ওড়িশা প্রশাসন। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে পুরীসহ দক্ষিণ ওড়িশার সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে একগুচ্ছ কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র সৈকত এবং সমুদ্রে পর্যটকদের নামা বা আনাগোনা সম্পূর্ণ বন্ধ থাকবে। বিশেষ করে পুরী, চন্দ্রভাগা এবং অস্তরঙ্গ সমুদ্র সৈকত নিয়ে প্রশাসনের উদ্বেগ সবথেকে বেশি। যেভাবে কড়াকড়ি শুরু হয়েছে, তাতে এই মুহূর্তে পর্যটকদের পুরী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দুর্যোগের আশঙ্কায় কেবল সমুদ্র সৈকতই নয়, প্রভাব পড়েছে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভক্তদের জন্য গুণ্ডিচা মন্দির দর্শন বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি, পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে পুরী ও গঞ্জামসহ ওড়িশার মোট ৬টি জেলায় সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। উপকূলবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

আরও দেশ খবর