সন্তান তো সন্তানই! সরকারি নথিতে ‘দত্তক’ শব্দ মোছার নির্দেশ কেরালা হাই কোর্টের
নিজস্ব প্রতিনিধি: জন্মসূত্রে হোক বা দত্তক নেওয়ার মাধ্যমে, সন্তান তো সন্তানই। এমনই এক মানবিক ও নজিরবিহীন রায় শোনাল কেরালা হাই কোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, এখন থেকে সরকারি নথিতে সন্তানদের ‘দত্তক পুত্র’ বা ‘দত্তক কন্যা’ হিসেবে আর আলাদা করে চিহ্নিত করা যাবে না।
এই মামলার শুনানিতে বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন জানান, জৈবিক সন্তানের সঙ্গে দত্তক নেওয়া সন্তানের কোনও ভেদাভেদ থাকতে পারে না। তাই তাদের আলাদা করে চিহ্নিত করারও কোনও প্রয়োজন নেই। এই নির্দেশের পাশাপাশি রাজ্যের সরকারি ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দত্তক সন্তানদের জন্য থাকা পৃথক বিভাগগুলি অবিলম্বে সরিয়ে ফেলার কড়া নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতির মতে, সরকারি নথিপত্রে এই ধরনের আলাদা উল্লেখ দত্তক নেওয়া সন্তান এবং তাদের অভিভাবকদের অহেতুক বিড়ম্বনায় ফেলে। সমাজে সমানাধিকার প্রতিষ্ঠা এবং দত্তক নেওয়া সন্তানদের আত্মমর্যাদা রক্ষার ক্ষেত্রে কেরালা হাই কোর্টের এই রায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখছে আইনজীবী ও ওয়াকিবহাল মহল।

