কুম্ভের আগে সংস্কারের তাগিদ, শুকনো গঙ্গাবক্ষে হেঁটেই পারাপার পুণ্যার্থীদের
নিজস্ব প্রতিনিধি: প্রতিটি ঘাটের পাথরে খোদাই করা রয়েছে ইতিহাস। আর পুণ্যভূমি হরিদ্বারের ‘হর কি পৌরি’ ঘাটের মাহাত্ম্য তো সর্বজনবিদিত। কিন্তু সেই চেনা ছবিটাই এখন আমূল বদলে গিয়েছে। গঙ্গার চেনা জলস্রোত উধাও। খাঁ খাঁ করছে নদীর বুক। সামনেই মহাতীর্থ হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা. আর সেই মেগা ইভেন্টের আগে পুণ্যার্থীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে উত্তরাখণ্ড প্রশাসন। বিশেষ করে ক্রমবর্ধমান দূষণ নিয়ন্ত্রণ এবং ঘাটের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য আগামী ১৮ থেকে ২০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে উচ্চ গঙ্গা খাল।
প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে স্বাভাবিকভাবেই বিশ্বপ্রসিদ্ধ ‘হর কি পৌরি’ ঘাটে গঙ্গার জলস্তর একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। হর কি পৌরির প্রধান আকর্ষণ ‘ব্রহ্মকুণ্ড’-সহ সংলগ্ন এলাকায় জলস্রোত বলতে আর কিছুই অবশিষ্ট নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, পুণ্যার্থীরা এখন অনায়াসেই হেঁটেই পারাপার করছেন গঙ্গাবক্ষ। তবে দূর-দূরান্ত থেকে পবিত্র ডুব দেওয়ার আশায় আসা পুণ্যার্থীরা ঘাটে এসে এমন শুকনো ছবি দেখে কিছুটা হতাশ। অন্যদিকে, জল কমে যাওয়ার এই সুযোগে স্থানীয় কিশোরদের শুকনো নদীর বুকে নেমে পুণ্যার্থীদের ফেলে দেওয়া কয়েন খোঁজার হিড়িক পড়ে গিয়েছে।
উত্তরাখণ্ড সেচ দফতর সূত্রে খবর, প্রতি বছরই উৎসবের মরশুমে বার্ষিক পরিচ্ছন্নতা ও সংস্কারের জন্য এই খাল বন্ধ রাখা হয়। তবে ২০২৭ সালের আসন্ন অর্ধ কুম্ভ মেলার কারণে এবারের মহাযজ্ঞের প্রস্তুতি অনেক বেশি জোরদার। জল না কমালে ঘাটের ফাটল মেরামত, পলি অপসারণ এবং পরিকাঠামো মজবুত করার কাজ করা সম্ভব ছিল না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দীপাবলির ঠিক পরেই আগামী ৭ই নভেম্বর মধ্যরাত থেকে পুনরায় ব্যারেজ থেকে জল ছাড়া হবে। ফলে ৮ই নভেম্বর থেকে আবারও মা গঙ্গার চেনা রূপ এবং জলপ্রবাহ ফিরে পাবেন পুণ্যার্থীরা। তত দিন পর্যন্ত ভক্তদের সহযোগিতার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

