হিমাচলের পাহাড়ে রুশ পর্যটককে রুদ্ধশ্বাস উদ্ধার সেনার
নিজস্ব সংবাদদাতা: পাহাড়ে মেঘের দেশে ডানা মেলে শূন্যে ওড়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই রোমাঞ্চ বদলে গেল চরম আতঙ্কে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই হিমাচল প্রদেশের টানডু এলাকায় এক ভয়াবহ বিপদের মুখে পড়লেন এক রুশ পর্যটক। নিয়ন্ত্রণ হারিয়ে মাটি থেকে প্রায় ১০০ মিটার উঁচুতে ঝুলতে থাকা হাইটেনশন বিদ্যুতের তারে সজোরে আটকে গেলেন তিনি। নিচে গভীর খাদ, আর ওপরে হাজার হাজার ভোল্টের বিদ্যুতের তার— মৃত্যু যখন স্রেফ সময়ের অপেক্ষা, ঠিক তখনই দেবদূতের মতো এগিয়ে এল ভারতীয় সেনা ও বিপর্যয় মোকাবিলা দল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিমাচলের মনোরম পাহাড়ি উপত্যকায় প্যারাগ্লাইডিং উপভোগ করতে এসেছিলেন ওই বিদেশি পর্যটক। আকাশে ওড়ার পর আচমকাই বাতাসের গতিবেগ বদলে যায়। কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গিয়ে পড়েন হাইটেনশন লাইনের তারের ওপর। বিদ্যুতের তারে প্যারাগ্লাইডারের কাপড় ও দড়ি পেঁচিয়ে যাওয়ায় শূন্যেই ঝুলতে থাকেন তিনি। এই দৃশ্য দেখে নিচে থাকা স্থানীয় বাসিন্দাদের বুক কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীতে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনা এবং বিপর্যয় মোকাবিলা দলের (NDRF) একটি যৌথ উদ্ধারকারী দল। বিদ্যুৎ সংযোগ সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করা হলেও, অত উঁচুতে ঝুলতে থাকা পর্যটককে অক্ষত অবস্থায় নামিয়ে আনা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। পাহাড়ের প্রতিকূল আবহাওয়া এবং খাড়া ঢালকে উপেক্ষা করেই শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধারকাজ। দীর্ঘক্ষণের টানটান উত্তেজনার পর, অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই রুশ পর্যটককে তারের ফাঁদ থেকে নামিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া পর্যটক অক্ষত রয়েছেন। তবে এই ঘটনায় তিনি চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। সামান্য অসাবধানতায় যে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
তবে বিপদের মুখে দাঁড়িয়েও বুদ্ধিমত্তার পরিচয় দেন অ্যালেক্সি নামের ওই যুবক। শূন্যে ঝুলন্ত অবস্থাতেই পকেট থেকে মোবাইল ফোন বের করে নিজের লাইভ লোকেশন ও কয়েকটি ছবি সরাসরি ওই প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনকে পাঠিয়ে দেন। সেই তথ্য বিদ্যুৎগতিতে পৌঁছয় মাণ্ডি জেলা প্রশাসনের কাছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ময়দানে নামেন মাণ্ডির জেলাশাসক অপূর্ব দেবগন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং স্থানীয় একটি নির্মাণ সংস্থাকে নিয়ে একটি দল গঠন করা হয়। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে ভারতীয় বায়ুসেনার চপারেরও সাহায্যও চাওয়া হয়েছিল। তবে বায়ুসেনা নামার আগেই এনএইচএআই-এর বিশাল হাইড্রোলিক ক্রেনের সাহায্যে ৩ ঘণ্টার চেষ্টায় সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয় ওই রুশ পর্যটককে।

