বাংলাদেশের তিন অঞ্চল উদ্ধারের দাবিতে সরব নিশিকান্ত, উস্কে দিলেন তীব্র বিতর্ক
নিজস্ব প্রতিনিধি: পাক-অধিকৃত কাশ্মীরের পাশাপাশি এবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালি এবং সিলেট অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি তুলে আন্তর্জাতিক কূটনীতি ও ঘরোয়া রাজনীতিতে তীব্র বিতর্কের ঝড় তুললেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ভারতের স্বাধীনতার সময় ‘ত্রিপুরা বিভাজন’ নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও তৎকালীন কংগ্রেস সরকারকে কড়া ভাষায় বিঁধেছেন তিনি। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বাংলাদেশের এই তিনটি অঞ্চলকে সরাসরি পাক-অধিকৃত কাশ্মীরের সঙ্গে এক সারিতে এনে দাঁড় করিয়েছেন এই বিজেপি নেতা।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিশিকান্ত স্পষ্ট দাবি করেন, “পাকিস্তানের কাছ থেকে শুধু পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার সময়ই আসেনি, নেহরুজি জোর করে যে অঞ্চলগুলি অন্য দেশকে হস্তান্তরিত করেছিলেন, সেগুলিও ভারতের ফিরিয়ে নেওয়ার সময় এসেছে। তার মধ্যে রয়েছে নোয়াখালি, চট্টগ্রাম বন্দর এবং সিলেট।” তাঁর দাবি, দেশভাগের সময় ত্রিপুরার (তৎকালীন তিপ্রা) মহারাজা বীরবিক্রম সিংহ ধারাবাহিকভাবে নেহরুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এবং নিজের ভূখণ্ড হাতছাড়া হওয়া নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন। মহারাজার সেই দাবি উপেক্ষা করেই অঞ্চলগুলি তৎকালীন পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
বিজেপি সাংসদের মতে, চট্টগ্রাম বন্দর হাতছাড়া হওয়ার কারণেই আজ ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের খনিজ সম্পদ ও গ্যাসের সঠিক ব্যবহার করা যাচ্ছে না এবং এলাকাটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে নিশিকান্তের এই দাবিকে সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি তথা তিপ্রা মথার প্রধান প্রদ্যোত মাণিক্য দেববর্মা। তিনি একে দেশভাগের সময়কার ‘সবচেয়ে অন্ধকার অধ্যায়’ বলে আখ্যা দিয়েছেন। অতীতেও পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অংশ নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তুলে শোরগোল ফেলেছিলেন এই বিজেপি সাংসদ। এবার সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের ভৌগোলিক সার্বভৌমত্ব ও নেহরুর নীতি নিয়ে তাঁর এই চরম মন্তব্য নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়ে দিল।

