শত্রুর হৃদস্পন্দন বাড়িয়ে ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি: দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও মজবুত করে এবং শত্রুপক্ষকে কড়া বার্তা দিয়ে ওড়িশা উপকূলে আরও একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প দূরত্বের এই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলটির নাম ‘প্রলয়’। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়। ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এই পরীক্ষা এক বিরাট মাইলফলক বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই মিসাইলটি তৈরি করেছে। এটি মূলত অল্প দূরত্বে নিখুঁত আঘাত হানার জন্য নির্মিত হলেও, এর মারণ ক্ষমতা অত্যন্ত ভয়াবহ। এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর গতিও চোখে পড়ার মতো— ঘণ্টায় প্রায় সাড়ে সাত হাজার (৭৫০০) কিলোমিটার বেগে ধেয়ে গিয়ে এটি শত্রুর ঘাঁটিতে আছড়ে পড়তে পারে। শুধু তাই নয়, এই দুর্দমনীয় ক্ষেপণাস্ত্রটি নিজের সঙ্গে প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের যুদ্ধাস্ত্র বা গোলাবারুদ বহন করতে পারে, যা যেকোনো শত্রু শিবিরের জন্য অত্যন্ত আতঙ্কের।
ক্ষেপণাস্ত্রটির এই বিপুল সাফল্যের পর দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে দেশবাসীকে এই সুখবরটি জানান। ডিআরডিও-র বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘ডিআরডিও আজ সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষার পর বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, মিসাইলটি তার নির্ধারিত সমস্ত লক্ষ্য ও মাপকাঠি অত্যন্ত সফলভাবে পূরণ করেছে। এই সফল পরীক্ষাটি ভারতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
সামরিক বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি দেশের সীমান্ত সুরক্ষাকে আরও কয়েক গুণ শক্তিশালী করবে। বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত ও নিখুঁত আঘাত হানার ক্ষেত্রে ‘প্রলয়’ ভারতীয় সেনার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠতে চলেছে।

