বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু ও যোগী, চাঞ্চল্য

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬
পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু ও যোগী, চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের নিশানায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুই রাজ্যের এই হাই-প্রোফাইল মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতি ও নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের বিস্ফোরক দাবির পর নড়েচড়ে বসেছে দেশের তদন্তকারী সংস্থাগুলি।

বিজেপি নেত্রীর দাবি, সম্প্রতি তাঁর কাছে পাকিস্তানের একটি নম্বর থেকে ভয়েস মেসেজ এবং কল আসে। ওপার থেকে ফোনে হুমকি দিয়ে বলা হয়, তারা পাকিস্তানের কুখ্যাত জঙ্গি শেহজাদ ভাট্টি গোষ্ঠীর সদস্য। মেসেজে স্পষ্ট জানানো হয়, তাদের মূল টার্গেটে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ওই বিজেপি নেত্রীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকির পাশাপাশি কিছু আতঙ্ক ছড়ানোর মতো ভিডিও-ও পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজিয়া। ইতিমধ্যেই তিনি পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির দ্বারস্থ হয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ-কে।

তবে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এই ধরনের জঙ্গি হুমকি নতুন নয়। এর আগেও একাধিকবার তিনি চরমপন্থী সংগঠনের নিশানায় এসেছেন। গত জুলাই মাসেও তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। আবার ২০২৪ সালে যখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তখনও আল কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নাম জড়িয়ে তাঁকে খুনের ইমেল পাঠানো হয়েছিল, যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বারেবারে পাক যোগসূত্রের এই নতুন হুমকিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে রাজনৈতিক মহলে। অন্য দিকে, তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহ এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, এ সব হুমকি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় দেখানো যাবে না, কারণ উনি বীরের মতো লড়াই করতে জানেন।