আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি! গ্রেফতার তৃণমূল উপপ্রধান
নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়া এবং জমির ব্যবস্থা করে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। পুলিশ জানিয়েছে, ধৃত নেতার নাম সুকান্ত রায়। সোমবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই পুলিশের এই তৎপরতা বলে প্রশাসনিক সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী শিবদাস মুখোপাধ্যায় দেগঙ্গার রামনাথপুরের বাসিন্দা এবং পেশায় একজন প্রাক্তন পুলিশকর্মী। তাঁর অভিযোগ, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর তাঁকে বাড়ি তৈরির জন্য জমির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন উপপ্রধান সুকান্ত রায়। সেই প্রতিশ্রুতি দিয়ে শিবদাসবাবুর কাছ থেকে প্রথমে ২০ হাজার টাকা নেন সুকান্ত। পরবর্তীতে জমি দেখানোর নাম করে উপপ্রধান ও তাঁর দলবল আরও ৫ হাজার টাকা নেয় বলে অভিযোগ।
কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও জমির ব্যবস্থা হয়নি, ফলে আবাস যোজনার বাড়ির কাজও শুরু করতে পারেননি ওই প্রাক্তন পুলিশকর্মী। এরপরই প্রতারিত হয়েছেন বুঝে দেগঙ্গা থানা, স্থানীয় বিডিও এবং অতিরিক্ত জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শিবদাসবাবু। তাঁর আরও দাবি, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর চাপে পড়ে উপপ্রধান তাঁকে ২০ হাজার টাকা ফেরত দিয়েছিলেন।
সম্প্রতি সরকারি প্রকল্পে কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং অভিযুক্ত উপপ্রধানকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ। তাঁর হুঁশিয়ারি, ‘‘অপেক্ষা করুন, অনেক তৃণমূল নেতারই একই হাল হবে। দুর্নীতির সঙ্গে যুক্ত কেউই রেহাই পাবেন না।’’

