জেলা
ল্যাবরেটরিতে ‘মাসাজ’-এর ভাইরাল ভিডিও, বিতর্কে বর্ধমান মেডিক্যাল
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ল্যাবরেটরিতে কাজের ফাঁকে একে অপরকে মাসাজ করে দিচ্ছেন এক মহিলা ও পুরুষ কর্মী। সোশ্যাল মিডিয়ায় এমনই এক বিস্ফোরক ভিডিও ভাইরাল হতেই নতুন করে তীব্র বিতর্কের মুখে পড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ‘স্বতন্ত্র খবর’ ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর ও চিকিৎসক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের প্রধানের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
তবে ভাইরাল হওয়া ওই ভিডিওটির সত্যতা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশের সন্দেহ, ভিডিওটি আদৌ বর্ধমান মেডিক্যাল কলেজের কোনো ল্যাবরেটরির কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি, ভিডিওতে যেভাবে ওই মহিলা ও পুরুষ কর্মীকে একে অপরকে মাসাজ করতে দেখা যাচ্ছে, সেই দৃশ্যটি আসল নাকি প্রযুক্তির কারসাজি বা বিকৃত (এডিটেড), তা নিয়েও জোরালো সন্দেহ রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ল্যাবরেটরির ভিতরে বসে এক পুরুষ ও এক মহিলাকে পরস্পরের হাত পিছন দিকে টেনে ম্যাসাজ করে দিচ্ছে। মেডিক্যালের গুরুত্বপূর্ণ পরীক্ষাগার হিসেবে পরিচিত ভিআরডিএল ল্যাবের নাম জড়িয়ে বিতর্ক ছড়িয়েছে। কিন্তু ভিডিওটি আদৌ ওই ল্যাবের কিনা, এখনও পর্যন্ত তার কোনও প্রমাণ নেই। ভিডিওটির উৎস, সময় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি নজরে আসার পর কর্তৃপক্ষ এনিয়ে সংশ্লিষ্ট বিভাগের কাছে রিপোর্ট চেয়েছে।
মেডিক্যাল কলেজের এক আধিকারিক জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হবে। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। এই ভিআরডিএল ল্যাবে কর্মী নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়। নিয়োগপত্র পৌঁছে গেলেও আচমকা সেই প্যানেল বাতিল হওয়ায় চাকরিপ্রার্থীরা কাজে যোগ দিতে পারেননি। এই ঘটনার রেশ না কাটতেই এবার অশালীন ভাইরাল ভিডিও ঘিরে নয়া বিতর্ক দানা বাঁধল। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

