বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান: জট কাটিয়ে সাঁইথিয়ায় রেল ওভারব্রিজের কাজে তোড়জোড়

প্রকাশিত: ২৮ মে, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান: জট কাটিয়ে সাঁইথিয়ায় রেল ওভারব্রিজের কাজে তোড়জোড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বীরভূমের ‘বাণিজ্য নগরী’ সাঁইথিয়ার রেল ওভারব্রিজ (ROB) নির্মাণের জট কাটতে চলেছে। চওড়া করার উদ্দেশ্যে কয়েক বছর আগে শতাব্দী প্রাচীন পুরনো সেতুটি ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু তারপর স্রেফ কয়েকটি পিলার তৈরি হওয়া ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল সাঁইথিয়া শহরসহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের। তবে সমস্ত জটিলতা কাটিয়ে এবার নতুন করে সেতু নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে থমকে থাকা এই প্রকল্পের অচলাবস্থা কাটাতে সম্প্রতি বীরভূম জেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। রেল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের উপস্থিতিতে হওয়া এই বৈঠকে জমি জটসহ অন্যান্য আইনি ও প্রযুক্তিগত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন সেতু তৈরির ক্ষেত্রে নকশা ও জমি সংক্রান্ত সমস্ত জটিলতা কাটিয়ে ফেলা সম্ভব। তাহলেই প্রকল্পটির জন্য চূড়ান্ত প্রশাসনিক সবুজ সংকেত মিলবে।
সাঁইথিয়াকে বীরভূমের অন্যতম প্রধান ‘বাণিজ্য নগরী’ বলা হয়। সাঁইথিয়া মানেই মহাজনপট্টি, তেলকল, হিমঘর আর বড় আড়তদারদের ব্যস্ততা। ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ এই শহরের বুক চিরে চলে গিয়েছে হাওড়া-রামপুরহাট রেলপথ, যার সঙ্গে মিশেছে অণ্ডাল-সাঁইথিয়া শাখাটিও। এই রেললাইনের একপাশে থানা, হাসপাতাল, স্কুল-কলেজ, মহাজনপট্টি এবং বিখ্যাত নন্দীকেশ্বরী মন্দির। অন্যপাশে পুরসভা, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ যাবতীয় পাইকারি দোকান ও আড়ত রয়েছে। শহরের এই দুই গুরুত্বপূর্ণ অংশকে জুড়ে রেখেছিল একমাত্র রেল ওভারব্রিজটি। কিন্তু সেটি ভেঙে ফেলার পর থেকেই সাঁইথিয়ার সামগ্রিক ব্যবসায়িক কাঠামোয় কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। এই রেল ওভারব্রিজটি ছিল শহরের ব্যবসার মূল লাইফলাইন। সেতুটি ভেঙে ফেলার পর থেকে পণ্যবাহী লরি এবং ভারী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়। এর ফলে গত কয়েক বছরে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বড়সড় মন্দা দেখা দিয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলিও দীর্ঘদিন ধরে এই ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে আসছিল। নতুন করে কাজ শুরু হওয়ার খবরে ব্যবসায়ীদের মধ্যেও আশার আলো দেখা দিয়েছে।
স্টেশন রোডের ওপর এই সেতুটি ভেঙে ফেলার পর থেকে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হচ্ছিল। এর ফলে প্রতিদিন নিত্যযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া এবং রোগীদের রেললাইন পারাপার করতে গিয়ে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হতো। অনেক সময় লেভেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ আটকে থাকতে হতো সাধারণ মানুষকে। দীর্ঘদিন কাজ থমকে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছিল।
প্রশাসনিক সবুজ সংকেত মেলার পর এবার দ্রুত গতিতে থমকে থাকা কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। নতুন নকশা অনুযায়ী, আগের চেয়ে অনেক বেশি চওড়া ও আধুনিক প্রযুক্তিতে এই রেল ওভারব্রিজ তৈরি করা হবে, যাতে আগামী দিনে যানজটের সমস্যা চিরতরে দূর হয়। রেল ও জেলা প্রশাসন যৌথভাবে খুব শীঘ্রই পুরোদমে এই কাজ শুরু করতে চলেছে। এই খবরের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাঁইথিয়ার আপামর জনসাধারণ। বিজেপির জেলা সহ-সভাপতি তথা রেল বোর্ডের সদস্য দীপক দাস বলেন, রেলের কাজ ধীরগতিতে চলছিল। তা নিয়ে সম্প্রতি বৈঠক হয়েছে। এবার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সেই কাজে দ্রুত গতি আসবে।

আরও জেলা খবর