বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মৃত্যুর ক্ষতিপূরণেও কাটমনির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
মৃত্যুর ক্ষতিপূরণেও কাটমনির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মৃত যুবকের ক্ষতিপূরণেও কাটমানির অভিযোগ উঠল বুদবুদে। কাজ করতে গিয়ে মারা গিয়েছিলেন এক যুবক। মৃত সেই যুবকের পাশে দাঁড়িয়ে বাড়ির মালিক অর্থ সাহায্য করেছিলেন। কিন্তু সেই অর্থেও ভাগ বসিয়েছিলেন বুদবুদ পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুরা। শনিবার মৃতের পরিবারের পক্ষ থেকে বুদবুদ থানায় বিক্ষোভ দেখানো হয়। অভিযোগও দায়ের করা হয়েছে। তৃণমূল নেতাদের এই কার্যকলাপে হতবাক হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদবুদের সিন্ডিকেট পাড়া এলাকার একটি বাড়িতে গত বছর অক্টোবর মাসে কাজে এসেছিলেন রানা বাউরী। মার্বেল পাথরের কাজ করতেন তিনি। কিন্তু পাথর কাটা মেশিন চলার সময় শর্ট সার্কিট হয়ে যায়। তাতে গুরুতর জখম হন রানা। দ্রুত উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তখন শেষ রক্ষা হয়নি। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবা চন্দন বাউরী অভিযোগ করে জানান, এই ঘটনার একদিন পরেই রুদ্রপ্রসাদ কুণ্ডু সহ আরও তিনজন তৃণমূলের নেতা তাঁর বাড়িতে এসেছিলেন। বাড়ির মালিকের কাছ থেকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বিনিময়ে বাড়ির মালিক ও ঠিকাদারের বিরুদ্ধে আমি যেন কোন ব্যবস্থা গ্রহণ না করি সে বিষয়ে পরামর্শ দেয়। এরপর বাড়ির মালিক, ঠিকাদার ও তৃণমূল নেতাদের সঙ্গে আমার একটি বৈঠক হয়। সেখানে ঠিক হয় ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা দেওয়া হবে। সরাসরি ব্যাংকের মাধ্যমে আমার কাছে দেড় লক্ষ টাকা আসে। কিন্তু বাকি দেড় লক্ষ টাকা আমি আজও পাইনি। বাড়ির মালিককে চাইতে গেলে বলা হয়েছে তৃণমূলের ওই নেতাদের দিয়ে দিয়েছে। এরপর বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে নেতাদের কাছে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাকে প্রাণে মারার হুমকি দেয়। আমি চাই ওই চারজন তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। 
ওই বাড়ির এক সদস্য বলেন, তিন লক্ষ টাকা দেওয়া হলেও দেড় লক্ষ টাকা মৃতের পরিবারের হাতে পৌঁছায়নি। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দাপুটে নেতা বলে নাম রয়েছে রুদ্রপ্রসাদ ওরফে মনার। একাধিকবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। মহাসংঘের মহিলাদের মারধোর ও হেনস্থা, জোর করে জমির ধান নষ্ট ও প্রাণে মারার হুমকি, পুকুরের পাড়ে লোক বসিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে বারবার। যদিও রুদ্রপ্রসাদ এখন জেলে রয়েছে। বিজেপি নেতা রতনপ্রসাদ সাউ বলেন, উনি তৃণমূলের মাফিয়া। সিন্ডিকেট চালাতেন। উপপ্রধান বলে সবাইকে চমকাতেন। বুদবুদে এতদিন শাসকের আইন চলত তবে এবার থেকে আইনের শাসন হবে।

আরও জেলা খবর