হোটেলের আড়ালে কোটি টাকার জুয়ার ঠেক! প্রাক্তন কাউন্সিলরের ‘গোপন ডেরা’য় পুলিশের হানা
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই ছিমছাম পরিবেশ। কিন্তু সেই হোটেলের ভেতরেই যে দিনের পর দিন ধরে রমরমিয়ে চলছিল কোটি টাকার জুয়ার আসর, তা টের পাননি অনেকেই। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই ‘গোপন ডেরা’য় হানা দিল পুলিশ। উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকা। আর এই চক্রের চাঁই হিসেবে নাম জড়িয়েছে এলাকারই এক প্রভাবশালী প্রাক্তন কাউন্সিলরের।
অভিযোগ, এই গোটা কারবারের নেপথ্যে ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলেই আচমকা হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়েন চন্দন সাহা-সহ চারজন।
ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল। ধৃত চন্দন সাহা দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুম, বিশেষ করে কালীপুজোর সময় থেকেই এই হোটেলের আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ, এই খেলা শুধু পুজো পার্বণে সীমাবদ্ধ ছিল না। দীর্ঘদিন ধরেই হোটেলের আড়ালে টাকার এই নোংরা খেলা চলত। রাতের অন্ধকার নামতেই হোটেলের পেছনের দরজা দিয়ে ঢুকত দামি দামি গাড়ি। শহরের নামী ব্যবসায়ী থেকে শুরু করে প্রভাবশালীদের আসর বসত সেখানে। মদ্যপান, ফুর্তি আর লাখ লাখ টাকার বাজি ধরা— সব মিলিয়ে চলত এক এলাহী কারবার।
সোমবার দুর্গাপুর থানা ও ফরিদপুর ফাঁড়ির পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। সেখানেই গ্রেপ্তার করা হয় তাঁকে। ‘তৃণমূল নেতারা জুয়ার ঠেকে পরিণত করেছে দুর্গাপুর শহরে’, কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোরুই।

