গেমের টোপ দিয়ে নথি হাতিয়ে জামতাড়া গ্যাংয়ের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমডাঙায় ধৃত ৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অনলাইন গেম খেলার টোপ দিয়ে নাবালকদের কাছ থেকে ব্যক্তিগত নথি হাতিয়ে নেওয়া হত। এরপর সেই নথি ব্যবহার করে খোলা হত নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর সেই অ্যাকাউন্টের পাসবই, চেকবই এবং এটিএম কার্ড সোজা পৌঁছে যেত কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের হাতে। অভিনব কায়দায় চলা এমনই এক আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল আমডাঙা থানার পুলিশ। এই ঘটনায় ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের দুই সক্রিয় সদস্য-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হল ঝাড়খণ্ডের বাসিন্দা সোনু আনসারি ও শাহবাজ আনসারি। এছাড়াও এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আমডাঙার সাধনপুরের দিব্যজ্যোতি সরকার, গড়িয়ার সুজয় চট্টোপাধ্যায় এবং হাওড়ার ডোমজুড়ের শেখ সরফরাজ ইসলামকে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রতারকেরা প্রথমে এলাকার নাবালকদের অনলাইন গেম খেলার প্রলোভন দেখাত। গেমের নেশায় বুঁদ করে কৌশলে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের আধার, প্যান-সহ বিভিন্ন ব্যক্তিগত নথি সংগ্রহ করা হত। এরপর সেই নথি দিয়ে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলত স্থানীয় এজেন্টরা। অ্যাকাউন্ট খোলার পরই সমস্ত নথিপত্র এবং এটিএম কার্ড পাঠিয়ে দেওয়া হত ঝাড়খণ্ডে।
জামতাড়া গ্যাংয়ের প্রতারকেরা সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া প্রতারণার টাকা এই অ্যাকাউন্টগুলিতেই জমা করত। পুলিশের চোখে ধুলো দিতেই এই ‘মিউল অ্যাকাউন্ট’ বা ভাড়া করা অ্যাকাউন্টের জাল বিছিয়েছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই চক্রের পাঁচজনকে জালে তোলে আমডাঙা পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

