বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

জবরদখল উচ্ছেদে এগিয়ে এলেন স্থানীয়রা

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
জবরদখল উচ্ছেদে এগিয়ে এলেন স্থানীয়রা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আড়া মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসআরডিএ-র তত্ত্ববধানে এই কাজ হচ্ছে। কিন্তু স্থানীয়দের একাংশের অভিযোগ, জবরদখলের সমস্যা না মিটিয়েই কাজের অগ্রগতি হচ্ছে। জবরদখল উচ্ছেদ না হলে রাস্তা চওড়া হবে না। রবিবার এলাকার বাসিন্দাদের একাংশ জবরদখল করে রাখা ব্যক্তিদের বাড়িতে গিয়ে বোঝান রাস্তা চওড়া না হলে সমস্যা সকলেরই হবে। মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রাস্তাটির সংস্কার ও সম্প্রসারনের কাজ শুরু হয়েছে। জবরদখল উচ্ছেদের বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছিল। পরিদর্শনও হয়েছিল। এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র ব্লকে অনেক আগেই জমা দেওয়া হয়েছে। এখন স্থানীয়রাও এগিয়ে আসছেন সমস্যা সমাধানের জন্য। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে কাঁকসা এলাকা থেকে সহজে দুর্গাপুরে যাওয়া যায়। কাঁকসা ছাড়া আউশগ্রাম বা বীরভূম থেকে প্রতিদিন বিভিন্ন কাজে দুর্গাপুর যেতে রাস্তাটি বহু মানুষ ব্যবহার করেন। এই রাস্তা ধরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল যাওয়া যায়। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে রাস্তা জুড়ে ছোট বড়ো গর্ত তৈরি হয়েছিল। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছিল। অবশেষে সিদ্ধান্ত হয় রাতের প্রাক্তন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে এসআরডিএ থেকে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করা হবে। পেভার ব্লক দিয়ে পুরো রাস্তা তৈরি করা হবে। কাঁকসার স্বাধীন হালদার বলেন, এই রাস্তা আমি নিয়মিত ব্যবহার করি। রাস্তার দুপাশে রয়েছে প্রচুর বহুতল আবাসন। দুর্গাপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল যাওয়া যায় এই রাস্তায়। ফলে চাপ থাকে ব্যাপক। রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। তবে জবরদখল উচ্ছেদ না করে রাস্তা সংস্কার করলে আগের মতই গাড়ির জ্যাম হবে। 
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, স্থানীয়দের একাংশ রাস্তা ঘেঁষে বাড়ির সীমানা পাঁচিল করছেন। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। অভিযোগ,জবরদখল নিয়ে জনশুনানিও হয়েছিল। কিন্তু তারপর প্রশাসনের পক্ষে এই নিয়ে আর কোন উদ্যোগ চোখে পড়ে নি। এদিন প্রায় ত্রিশ জনের একটি দল এলাকায় আবেদন মিছিল করে।  ইউকো ব্যাংক মোড় থেকে শুরু হয় সেই মিছিল। মিছিলের সামনে থাকা ফ্লেক্সে লেখা ছিল, আড়া কালিনগর বাসিন্দাদের অনুরোধ আড়া মোড় থেকে শিবতলা পর্যন্ত রাস্তার দুধর জবরদখল মুক্ত করতে হবে। 
স্থানীয় বাসিন্দা বরুণ ঘোষাল বলেন, জন শুনানির সময় ব্লক প্রশাসন এখানে উপস্থিত ছিল। সেখানে ঠিক হয়েছিল রাস্তা চওড়া করা হবে। কিন্তু জবরদখল উচ্ছেদ না করায় রাস্তায় যানজট হচ্ছে। মহকুমা শাসককেও বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। রাস্তা জবরদখল মুক্ত করতে প্রত্যেকের বাড়ি গিয়ে অনুরোধ করেছি। এদিন আবেদনকারী চঞ্চল চট্টোপাধ্যায়, অম্বিকা রায়রা বলেন, এই রাস্তা চওড়া হলে সবার সুবিধা হবে। এলাকার দীর্ঘদিনের সমস্যা যানজট থেকে মুক্ত হবে। এই রাস্তা দিয়ে গোপালপুর পর্যন্ত মিনি বাস চালু হওয়ার সবুজ সংকেত আমরা পেয়েছি। রাস্তা চওড়া হলে বাস চলাচলে কোনো অসুবিধা হবে না। কাঁকসা বিডিও সৌরভ গুপ্ত বলেন, ওনারা আবেদন করেছেন। আমাদের দিক থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে প্রাচীরের বাইরে কিছু থাকলে সেটা সরিয়ে কাজ করতে হবে।

আরও জেলা খবর