জেলা
পাঁচ সন্তানের কারও ঘরেই ঠাঁই হল না, রাতের অন্ধকারে মা রয়েছেন জঙ্গলে
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কাঁথি: তিন ছেলে ও দুই মেয়ে— পাঁচ সন্তান থাকা সত্ত্বেও কারও ঘরেই ঠাঁই হল না অশীতিপর বৃদ্ধার। মায়ের ভরণপোষণ নিয়ে সন্তানদের মধ্যে বিবাদের জেরে শেষমেশ রাতের অন্ধকারে ওই বৃদ্ধাকে জঙ্গলে ফেলে দিয়ে আসার অভিযোগ উঠল তাঁরই এক মেয়ের স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।
স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধার তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। কিন্তু কেউই মাকে নিজের কাছে রাখতে রাজি নন। এই নিয়ে সন্তানদের মধ্যে রীতিমতো অশান্তি ও গণ্ডগোলও বাধে। অভিযোগ, এরপরই বৃহস্পতিবার রাতে বৃদ্ধার এক জামাই তাঁকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নির্জন জঙ্গলে ফেলে রেখে আসেন।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পাঁচ-পাঁচটি সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধার এমন পরিণতি দেখে তাঁদের ভূমিকার প্রবল সমালোচনা শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই অমানবিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের প্রতিনিধিরাও।
জানা গিয়েছে, কাঁথির পিছাবনিতে রাস্তার পাশে একটি জঙ্গল আছে। সেখানে বৃদ্ধাকে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন মহিলাকে দেখতে পান। মাদুরের উপর দু’টি কাঁথা পাতা, বৃদ্ধা তার উপর বসে ঠান্ডায় কাঁপছেন। এই শেষবয়সে তাঁর সম্পত্তি বলতে কাপড়ের একটি পুঁটলি ও মশারি। মহিলার দুর্দশার কথা লহমায় ছড়িয়ে পড়ে এলাকায়। বহু মানুষ দেখতে আসেন। খবর যায় প্রশাসনের কাছে।
বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উমেশ প্রধান বলেন, ‘‘নিজের মায়ের থাকার জন্য বাড়িতে জায়গা নেই! মা বাড়ির বাইরে থাকবেন? তাঁর ঠাঁই হবে রাস্তায়? এটা ভাবতেও অবাক লাগছে।’’

