জেলা
ফুলকপির দরদাম নিয়ে বচসা ও মারামারি, রায়গঞ্জে প্রাণ গেল ক্রেতার
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সামান্য ফুলকপির দরদাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বচসা, আর তা থেকেই তুমুল মারামারি। সেই সংঘর্ষের জেরে মর্মান্তিক মৃত্যু হল তারক বর্মন নামে ৪২ বছর বয়সী এক ক্রেতার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মধুপুর এলাকার বড়ই গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তারক বর্মন পেশায় একজন গাছ ব্যবসায়ী ছিলেন। ওই এলাকাতেই তাঁর একটি নিজস্ব নার্সারি রয়েছে। এদিন বাজারে সবজি কিনতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি দোকানে ফুলকপির দাম নিয়ে বিক্রেতার সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে রায়গঞ্জের বারোদুয়ারী হাটে গিয়েছিলেন তারক। সেখানে আনাজ বিক্রেতা বালক বর্মনের কাছে ফুলকপি কিনতে যান তিনি। দাম নিয়ে শুরু হয় বচসা। বিক্রেতা ফুলকপির দাম ৩৬ টাকা দাবি করলে তারক ৩০ টাকা দিতে চান। মাত্র ৬ টাকা নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা শুরু হয়৷ তবে সেদিন বিষয়টি মৌখিক ভাবে মিটে গেলেও ওই ঝামেলার জেরে গত ৭ নভেম্বর তাঁদের মধ্যে ফের একপ্রস্ত অশান্তি এবং মারামারি হয়। সে সময়ে বালকের মারে তারক ঘাড়ে ও মাথায় চোট পান। প্রথমে তাঁকে স্থানীয় একজন চিকিৎসককে দেখিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। গত বুধবার বাড়িতেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। রাতেই রায়গঞ্জ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তারকের পরিবারের সদস্যরা। তদন্তে নেমে পুলিশ আনাজ বিক্রেতা বালক বর্মনকে গ্রেপ্তার করেছে।
সামান্য সবজির দাম নিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে হতবাক গোটা বড়ই গ্রাম। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

