জেলা
অবৈধ গরু পাচারের অভিযোগে রামপুরহাটে পুলিশের অভিযান, আটক ৮
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: অবৈধভাবে গরু পাচারের চেষ্টা রুখে দিল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে রামপুরহাট থানার সানঘাটা মোড়ের কাছে কয়েকজন ব্যক্তিকে গরু নিয়ে যেতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। গরু নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রথমে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের প্রত্যেকের বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানা এলাকায়। আজ মঙ্গলবার ধৃত আটজনকে গ্রেফতার দেখিয়ে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
গরু পাচারের অভিযোগে এই ঘটনায় রামপুরহাট থানার পুলিশের পদক্ষেপ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

