বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গুসকরা দুর্গাপুর রুটে সরকারি বাস বাড়ানোর দাবি মহিলাদের

প্রকাশিত: ১৪ মে, ২০২৬
গুসকরা দুর্গাপুর রুটে সরকারি বাস বাড়ানোর দাবি মহিলাদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ নতুন সরকার ঘোষণা করেছে, মহিলারা বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আশার আলো দেখছেন মানকর, অভিরামপুর-সহ সংলগ্ন এলাকার মহিলাদের একাংশ। তবে আসানসোল বা দুর্গাপুর থেকে মানকর হয়ে গুসকরা রুটে সারা দিনে হাতে গোনা মাত্র দুজোড়া সরকারি বাস চলাচল করে। তাই বাসের সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন এলাকার মহিলারা। 

স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ে দুর্গাপুর স্টেশন থেকে গুসকরা পর্যন্ত সরকারি বাস চলত। সারাদিনে চারবার যাতায়াত করত ওই বাস। পাশাপাশি দূরপাল্লার রুটেও পরিষেবা চালু ছিল। কিন্তু তারপর পরিষেবা তলানিতে ঠেকে। অনিয়মিত হয়ে পড়ে বাসগুলি। বিগত প্রায় দশ বছর থেকে সরকারি বাস পরিষেবা নিয়ে এলাকার মানুষ বিরক্ত। এই রুটের মহিলা যাত্রীদের আশা নতুন সরকার ভাল কিছু করবে। বাসের সংখ্যা ও রুটের সংখ্যা বাড়ানো হবে। তাঁদের দাবি, নিত্যনৈমিত্তিক কাজে প্রায়শই বাসযাত্রা করতে হয়। অনেক সময় দূরপাল্লার বাসেও যাতায়াত করতে হয়। সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারলে সুবিধার পাশাপাশি কিছুটা হলেও অর্থ সাশ্রয় হবে। 
অভিরামপুর এলাকার বাসিন্দা পিঙ্কি ঘোষ বলেন, আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম বাস। এই এলাকা থেকে মানকর, পারাজ বা গুসকরা স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হলেও বাসে চেপে যেতে হয়। গুসকরা-মানকর বাস রুটের উপর গলসি-১ এবং আউশগ্রাম ১ ও ২ ব্লকের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকার বাসিন্দারা নির্ভর করেন। কিন্তু এই রাস্তায় হাতে গোনা সরকারি বাস চলে। সরকারি বাস বেশি থাকলে আমরা অনেকটাই সুবিধা পাব। দুর্গাপুরের বাসিন্দা রিচা ঘোষের বাবার বাড়ি সুয়াতা এলাকায়। তিনি বলেন, মাসে এক বার বাবার বাড়ি যাই। সরকারি বাসে ভাড়া লাগবে না শুনছি। চেষ্টা করব সরকারি বাসে যাতায়াত করতে। তাহলে কিছু টাকা সাশ্রয় হবে। গুসকরার বাসিন্দা মালবিকা সরকার বলেন, মাঝেমধ্যেই দুর্গাপুর ডাক্তার দেখাতে যেতে হয়। বাসেই যাতায়াত করি। সরকারি বাসে ভাড়া না লাগলে এরপর থেকে সরকারি বাসেই যাতায়াত করব। তবে এই রুটে বাসের সংখ্যা আরো বাড়ানো দরকার এবং সেই পরিষেবা যাতে নিয়মিত হয় সেটিতেও প্রশাসনের নজর দেওয়া উচিত। 
পানাগড় বাসস্ট্যান্ডের এক পরিবহণ কর্মী বলেন, বিনামূল্যে মহিলাদের সরকারি বাসে চড়ার ঘোষণা হওয়ার পর বেশ কয়েক জন মহিলা বাসস্ট্যান্ডে এসে সরকারি বাস কখন কোন রুটে চলাচল করে সে কথা জিজ্ঞাসা করছেন। বিষয়টি নিয়ে বিজেপি নেতার রমন শর্মা বলেন, প্রকল্প শুরু হওয়ার আগেই মহিলারা ব্যাপক উৎসাহিত। আগামীতে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

আরও জেলা খবর