এবার ওটিটিতে কামব্যাক করছেন বলিউডের ‘হট’ কুইন বিপাশা বসু
নিজস্ব সংবাদদাতা: রুপোলি পর্দা থেকে দীর্ঘ ছয় বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে অবশেষে অভিনয়ের চেনা দুনিয়ায় কামব্যাক করতে চলেছেন বিপাশা বসু। তবে কোনও চেনা ঘরানার কমার্শিয়াল ছবি নয়, ওটিটি প্ল্যাটফর্মের এক টানটান ক্রাইম থ্রিলারের হাত ধরে ফের ক্যামেরার মুখোমুখি হয়েছেন বলিউডের এই ‘হট’ কুইন। বলিউডের খ্যাতনামা পরিচালক হনসল মেহতার আগামী ওয়েব সিরিজ ‘বারাবঙ্কী’-তে একটি অত্যন্ত শক্তিশালী নারী চরিত্রে দেখা যাবে তাঁকে।
এই প্রথমবার হনসলের পরিচালনায় কাজ করছেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে এই হাই-প্রোফাইল সিরিজ়ের শুটিংও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। উপন্যাস বা কাল্পনিক গল্প নয়, উত্তরপ্রদেশের এক অন্ধকার সময়ের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ়ের চিত্রনাট্য। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অলক লালের লেখা সাড়া জাগানো বই ‘দ্য বারাবঙ্কী নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নটোরিয়াস ড্রাগ কার্টেল’ থেকে নেওয়া হয়েছে এই সিরিজের গল্প। ১৯৮৪ সালের পটভূমিতে তৈরি এই সিরিজে দেখানো হবে, কীভাবে উত্তরপ্রদেশের বারাবঙ্কী জেলায় রমরমিয়ে চলা একটি শক্তিশালী আফিম ও মাদক কার্টেলকে ধ্বংস করতে নিজের জীবন বাজি রেখে বড়সড় পুলিশি অভিযানে নেমেছিলেন তৎকালীন তরুণ আইপিএস অফিসার অলক লাল এবং তাঁর টিম।
প্রযোজক প্রভলিন কৌরের এই মেগা প্রজেক্টে বিপাশা বসু ছাড়াও দুই গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কারজয়ী ছবির অভিনেতা বিশাল জেঠওয়া এবং সানি কৌশল। যদিও তাঁদের চরিত্রের বিবরণ এখনই প্রকাশ্যে আনতে নারাজ টিম ‘বারাবঙ্কী’। ২০২০ সালে ওটিটি-তে ‘ডেঞ্জারাস’ সিরিজ়ের পর কন্যাসন্তান দেবীর জন্মের কারণে অভিনয় থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছিলেন বিপাশা। দীর্ঘ বিরতি শেষে ফের তাঁর এই রাজকীয় প্রত্যাবর্তন এবং হনসল মেহতার মতো দুঁদে পরিচালকের মেলবন্ধন দেখার জন্য ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

