পর্দায় মীনাকুমারী-কমল অমরোহি, জুটিতে সেফ ও তৃপ্তি
নিজস্ব প্রতিনিধি: বলিউডের রুপোলি পর্দায় এবার জীবন্ত হতে চলেছে এক চিরকালীন রূপকথা। ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম চর্চিত ও আবেগঘন প্রেমকাহিনি নিয়ে তৈরি হচ্ছে নতুন বায়োপিক। কিংবদন্তি অভিনেত্রী মীনাকুমারী এবং খ্যাতনামা পরিচালক-চিত্রনাট্যকার কমল অমরোহির জীবনের গল্প নিয়ে তৈরি হতে চলা এই ছবির নাম রাখা হয়েছে ‘কমল অউর মীনা’। আর এই ছবির হাত ধরেই বলিপাড়ায় তৈরি হতে চলেছে এক্কেবারে নতুন এক জুটি। ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সেফ আলি খান এবং তৃপ্তি দিমরিকে।
পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্রর এই আসন্ন ছবিটির খবর প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বর্তমানে এই মেগা প্রজেক্টের প্রাক্-প্রযোজনার কাজ জোরকদমে চলছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। মীনাকুমারী ও কমল অমরোহির প্রেমকাহিনি শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল সেলুলয়েডের পর্দাতেও। তাঁদের সেই কালজয়ী প্রেম, যা পরবর্তীতে বিয়েতে পরিণতি পেয়েছিল, তা ঘিরেই আবর্তিত হবে ছবির চিত্রনাট্য। কমল অমরোহির পরিচালনায় মীনাকুমারীর কালজয়ী ছবি ‘পাকিজা’ কীভাবে তৈরি হয়েছিল, সেই ইতিহাসও এই ছবিতে ছুঁয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
বলিউডের ‘ট্র্যাজেডি কুইন’ মীনাকুমারী এবং কমলের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা ওঠাপড়া, টানাপোড়েন এবং আবেগের কোলাজ এই বায়োপিকে তুলে ধরবেন পরিচালক। আর এই ঐতিহাসিক চরিত্র দুটিকে পর্দায় ফুটিয়ে তোলার গুরুদায়িত্ব এবার সেফ ও তৃপ্তির কাঁধে। ছবিটির প্রযোজনায় থাকছেন খোদ মীনাকুমারীর নাতি বিলাল অমরোহি। ফলে ছবির তথ্যে যে ভরপুর সততা থাকবে, সেই আশা করাই যায়। নতুন এই জুটির রসায়ন এবং পুরনো জমানার নস্টালজিয়া পর্দায় কতটা ম্যাজিক তৈরি করে, এখন সেটাই দেখার।

