আইনি নোটিশে ফাঁপড়ে রাম গোপাল ভার্মা, বয়কটের ডাক
নিজস্ব প্রতিনিধি: পুরনো এক চুক্তি লঙ্ঘনের অভিযোগে এবার বড়সড় আইনি জটিলতায় জড়ালেন বলিউডের প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মা। ‘একল্যাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রযোজনা সংস্থার তরফে আরজিভি-কে ২৯ কোটি ৬৭ লাখ টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, গোটা বলিউড ইন্ডাস্ট্রি এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে এই পরিচালকের সঙ্গে কাজ না করার জন্য কড়া পরামর্শ ও সতর্কবার্তা দিয়েছে ওই সংস্থা। এর জেরে পরিচালকের কেরিয়ারে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গিয়েছে, সমস্যার সূত্রপাত ২০১০ সালের একটি চুক্তিকে কেন্দ্র করে। সেই চুক্তি অনুযায়ী, রাম গোপাল ভার্মা যদি অন্য কোনও ছবিতে বা প্রকল্পে কাজ করতে চান, তবে তার আগে একল্যাট্যান্ট ফিল্মসের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু অভিযোগ, পরিচালক সেই চুক্তির শর্ত তোয়াক্কা না করেই একাধিক কাজ করে গিয়েছেন। বারংবার চুক্তির এই ধারা লঙ্ঘন করার কারণেই অবশেষে আইনি পদক্ষেপ করতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থাটি।
এই বিপুল অঙ্কের নোটিশ পাঠানোর পাশাপাশি একল্যাট্যান্ট ফিল্মসের তরফে বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত প্রযোজক, পরিবেশক এবং ওটিটি প্ল্যাটফর্মগুলির কাছে একটি বিবৃতি পাঠানো হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত কেউ যেন রাম গোপাল ভার্মার সঙ্গে কোনও নতুন চুক্তিতে আবদ্ধ না হন। এই বেনজির বয়কটের ডাকে টিনসেল টাউনে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই আইনি নোটিশ ও বয়কটের ডাক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বিতর্কিত এই পরিচালক।

