বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সৌরবিদ্যুতে সেরা হতে গ্রামগুলির মধ্যে শুরু নয়া প্রতিযোগিতা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
সৌরবিদ্যুতে সেরা হতে গ্রামগুলির মধ্যে শুরু নয়া প্রতিযোগিতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর: গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে এ বার অভিনব পথে হাঁটল প্রশাসন। বিরোধীদের অভিযোগ, বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর জন্য কেন্দ্রীয় সরকারের ‘পিএম সূর্য ঘর: ফ্রি বিজলি যোজনা’ চালু ও বিজ্ঞাপন দেওয়া হলেও গ্রামের মানুষের মধ্যে তা নিয়ে আশানুরূপ সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে গ্রামগুলির মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ‘আদর্শ সৌর গ্রাম’ বেছে নেওয়ার জন্য রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হয়েছে প্রস্তাবিত আদর্শ কার্যপ্রণালী বা এসওপি।

প্রশাসন সূত্রে খবর, নদিয়া জেলায় প্রাথমিকভাবে ১৩টি গ্রামকে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী ছ’মাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার এবং পরিকাঠামো গড়ে তোলার নিরিখে যে গ্রাম সবথেকে এগিয়ে থাকবে, তারাই পাবে ‘আদর্শ সৌর গ্রাম’-এর তকমা। প্রতিটি জেলা থেকে চূড়ান্তভাবে একটি করে গ্রামকে এই শিরোপার জন্য বেছে নেওয়া হবে।

কীভাবে হবে এই মূল্যায়ন? প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, মোট ১০০ নম্বরের ভিত্তিতে গ্রামগুলির মধ্যে লড়াই হবে। এর মধ্যে সিংহভাগ নম্বরই নির্ভর করছে গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণের উপর। পিএম সূর্য ঘর পোর্টালে সংশ্লিষ্ট গ্রামের রাজস্ব সীমানার মধ্যে থাকা বিদ্যুৎ গ্রাহকদের জমা দেওয়া আবেদনের ভিত্তিতে বরাদ্দ থাকছে সর্বোচ্চ ৬৬ নম্বর। অর্থাৎ, যে গ্রামে এই প্রকল্পের আবেদনকারীর সংখ্যা যত বেশি হবে, সেই গ্রাম নম্বরের দৌড়ে ততটাই এগিয়ে থাকবে। সৌরবিদ্যুৎ প্রসারে সাধারণ মানুষের আগ্রহকেই মূলত এই প্রতিযোগিতার প্রধান মাপকাঠি করা হয়েছে।

শুধু ছাদে সৌর প্যানেল বসানোই নয়, বৃহত্তর পরিকাঠামো গড়ার দিকেও নজর দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বেচ্ছায় অন্তত এক বিঘা অবিচ্ছিন্ন ও উপযুক্ত জমি দান করলে সেই গ্রামের ঝুলিতে যোগ হবে আরও ১২ নম্বর। প্রশাসনের আশা, এই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই প্রত্যন্ত গ্রামে সৌরবিদ্যুতের আলো আরও দ্রুত ছড়িয়ে পড়বে।

আরও হট টপিক