ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা
নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার থেকেই সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করল অন্নপূর্ণা যোজনার টাকা। প্রথম দফাতেই রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হচ্ছে। রাজ্য সচিবালয় নবান্ন থেকে এই ঐতিহাসিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে ক্ষমতায় আসার পর পূর্বতন সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের নাম ও টাকার অঙ্ক বদলে সেটিকে 'অন্নপূর্ণা যোজনা' করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। এই নতুন প্রকল্পের অধীনেই এখন থেকে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পের গতি বাড়াতে মঙ্গলবার থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ ও আবেদন প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আর তার ঠিক পরের দিন, অর্থাৎ আজ বুধবার থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (DBT) টাকা পাঠানো শুরু করে দিল রাজ্য প্রশাসন।
তবে এই টাকা পাওয়ার জন্য পুরনো উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশা পুরোপুরি স্পষ্ট করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক ভুয়ো উপভোক্তা ও দুর্নীতির হদিস মিলেছে। সেই কারণে সরকার এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
পুরমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, এই নতুন প্রকল্পের সুবিধা পেতে এবং ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে উপভোক্তাদের নতুন করে নাম নথিভুক্ত বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা অনলাইন বা অফলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন না, তাঁদের জন্য সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও তথ্য যাচাই ও ফর্ম ফিলাপের কাজ করবেন। আবেদনকারীদের আগামী ৯০ দিন সময় দেওয়া হয়েছে নাম নথিভুক্ত করার জন্য। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার কাজ সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পুরনো নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সচল থাকবে এবং যোগ্য কোনও মহিলাই এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। প্রথম দিনেই ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

