ডিম বৃষ্টি, আইনজীবীদের বয়কটে জেরবার তৃণমূলের বিমান কৃষ্ণ
নিজস্ব প্রতিনিধি: ত্রিপল ও ত্রাণসামগ্রী চুরির মামলায় অভিযুক্ত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে আদালতে পেশ করাকে কেন্দ্র করে শনিবার নজিরবিহীন নাটকের সাক্ষী থাকল নবদ্বীপ আদালত চত্বর। সাতদিনের জেল হেফাজত শেষে পুলিশ তাঁকে আদালতে নিয়ে আসা মাত্র সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ে। পুরপ্রধানকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়তে শুরু করেন উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
আদালতের ভেতরে ঢুকেও স্বস্তি পাননি ধৃত পুরপ্রধান। তাঁর পক্ষে সওয়াল করতে সম্পূর্ণ অস্বীকার করেন নবদ্বীপ আদালতের আইনজীবীরা। বিমানবাবুর হয়ে মামলা লড়ার জন্য একজন আইনজীবীও এগিয়ে আসেননি। এই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে বিমান সাহা নিজেই বিচারকের কাছে হাতজোড় করে একটি বিশেষ আবেদন জানান। তিনি অনুরোধ করেন, তাঁর মামলার শুনানি যেন নবদ্বীপ আদালতের বদলে কৃষ্ণনগর আদালতে স্থানান্তরিত করা হয়।
তবে বিচারক তাঁর এই মৌখিক আবেদন সরাসরি খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, মামলা অন্য আদালতে সরাতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে কৃষ্ণনগর জেলা আদালতে আবেদন জানাতে হবে। এরপর নবদ্বীপ আদালতের বিচারক বিমান কৃষ্ণ সাহার জামিনের আবেদন নাকচ করে দেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী ২০ জুন।
ত্রাণ চুরির মতো গুরুতর অভিযোগে নিজের শহরেই এভাবে জনতা ও আইনজীবীদের হাতে পুরপ্রধানের হেনস্থা হওয়ার ঘটনাটি বর্তমানে রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন তৈরি করেছে।

