বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কন্যাসন্তান নিয়ে সচেতনতা বাড়াতে হাসপাতালে ‘সেলফি জোন’ প্রশাসনের

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
কন্যাসন্তান নিয়ে সচেতনতা বাড়াতে হাসপাতালে ‘সেলফি জোন’ প্রশাসনের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কন্যাসন্তানের জন্মকে ঘিরে সমাজে ইতিবাচক মানসিকতা ও সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল বীরভূম জেলা প্রশাসন। সদ্যোজাত কন্যাসন্তানের সঙ্গে মায়েদের নিজস্বী তোলার জন্য ‘সেলফি উইথ ডটার’ নামে একটি বিশেষ সেলফি জোন তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই জোনটির উদ্বোধন করেন জেলাশাসক ধবল জৈন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।

উদ্বোধনের দিনই হাসপাতালে যে সব মা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তাঁরা সদ্যোজাতদের কোলে নিয়ে ওই সেলফি জোনে নিজস্বী তোলেন। প্রশাসনিক কর্তারাও সেই আনন্দঘন মুহূর্তে শামিল হন। প্রশাসনের তরফে সদ্যোজাত কন্যাদের বাবা-মাকে সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাতে একটি করে বিশেষ কিট তুলে দেওয়া হয়। পাশাপাশি, কন্যাসন্তান রক্ষার বার্তা দিতে হাসপাতাল চত্বরে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেবল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালই নয়, জেলার যে সব সরকারি হাসপাতালে প্রসূতি বিভাগ রয়েছে, তার সব ক’টিতেই এই সেলফি জ়োন তৈরি করা হয়েছে। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের অধীনে ১৪ নভেম্বর শিশু দিবস থেকে জেলা জুড়ে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রসূতি বিভাগের বাইরে এই বিশেষ কর্নার চালু করা হল।

জেলায় পুত্র ও কন্যাশিশুর অনুপাত সন্তোষজনক হলেও, বহু পরিবারে এখনও কন্যাসন্তান জন্মালে মায়েদের গঞ্জনা শুনতে হয়। বাল্যবিবাহের মতো সমস্যাও পুরোপুরি নির্মূল হয়নি। সমাজ থেকে এই লিঙ্গবৈষম্য ও নেতিবাচক মানসিকতা দূর করে কন্যাসন্তানদের অধিকার সুরক্ষিত করাই প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও হট টপিক