বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ওএসএম বিতর্ক: সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব বদল

প্রকাশিত: ২ জুন, ২০২৬
ওএসএম বিতর্ক: সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব বদল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) বা ডিজিটাল মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে চলা তীব্র বিতর্কের মধ্যে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের (সিবিএসই) শীর্ষ দুই পদাধিকারী— চেয়ারম্যান রাহুল সিং এবং সচিব হিমাংশু গুপ্তকে আচমকা তাঁদের পদ থেকে বদলি করে দেওয়া হয়েছে। সিবিএসই-র চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাহুল সিং এবং বোর্ডের মুখ্য প্রশাসনিক অফিসার তথা সেক্রেটারি পদে ছিলেন হিমাংশু গুপ্ত। উত্তরপত্রের স্ক্যান কপি এবং ডিজিটাল নম্বর প্রদান ব্যবস্থায় দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও বেনজির গোলমালের জেরেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক ও শিক্ষা মহল। 

দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের জন্য সিবিএসই এবারই প্রথম এই নতুন ওএসএম (OSM) প্রযুক্তি চালু করেছিল। কিন্তু ফলাফল প্রকাশের পর থেকেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী উত্তরপত্রে অস্পষ্ট স্ক্যান, হাতের লেখা বদল বা পৃষ্ঠা গায়েব হয়ে যাওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ তোলে। এই ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থার দায়িত্ব ‘কোয়েম্পট এডুটেক’ নামক একটি হায়দরাবাদ-ভিত্তিক সংস্থাকে দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে, সিবিএসই টেন্ডারের নিয়ম ও টেকনিক্যাল শর্তাবলী শিথিল করে কোয়েম্পট এডুটেককে এই কোটি কোটি টাকার চুক্তি পাইয়ে দিয়েছে।
রাহুল গান্ধীর এই বিস্ফোরক পোস্টের জবাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ডের পক্ষ থেকে কোয়েম্পট এডুটেককে নিয়ম ভেঙে চুক্তি দেওয়ার সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করা হয়েছে। সিবিএসই স্পষ্ট জানিয়েছে, “ডিজিটাল মূল্যায়নের জন্য এই সংস্থাকে কাজ দেওয়ার ক্ষেত্রে সেন্ট্রাল পাবলিক প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে জেনারেল ফিনান্সিয়াল রুলস (GFR) বা সরকারি আর্থিক নিয়মের সব প্রোটোকল পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা হয়েছিল”।