হট টপিক
পর্তুগালকে রুখে ইতিহাস গড়ল কঙ্গো
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে শুরুতেই বড় ধাক্কা খেল পর্তুগাল। ধারেভারে অনেক পিছিয়ে থাকা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাছে ১-১ গোলে আটকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ফুটবল জীবনের ষষ্ঠ তথা সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো পর্তুগাল অধিনায়ককে। অন্যদিকে, বিশ্বমঞ্চে কঙ্গোর ফুটবল ইতিহাসে যোগ হলো এক সোনালী অধ্যায়।
ম্যাচের শুরুটা অবশ্য পর্তুগালের জন্য দুর্দান্ত ছিল। কিক অফের পর মাত্র ৬ মিনিটের মাথায় ফরোয়ার্ড পেদ্রো নেটোর চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন পিএসজি মিডফিল্ডার জোয়াও নেভেস। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচে দাপট দেখানোর চেষ্টা করে ইউরোর অন্যতম ফেভারিটরা। কিন্তু ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পর্তুগিজ রক্ষণ ভেঙে নাটকীয়ভাবে সমতা ফেরায় কঙ্গো। নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোল করার নজির গড়েন ইয়োয়ানে উইসা।
দ্বিতীয়ার্ধে লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ম্যাচের ৭০ মিনিট পেরিয়ে গেলেও কঙ্গোর জমাট রক্ষণ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হন রোনাল্ডো-ব্রুনোরা। আক্রমণের ধার বাড়াতে একাধিক বদল এনেও কাজের কাজ কিছুই হয়নি। এর মাঝেই ক্রিশ্চিয়ানোর একটি দুর্দান্ত বাইসাইকেল কিকের গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশা আরও বাড়ে পর্তুগাল শিবিরে। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পর্তুগিজদের। দেশের হয়ে অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণের অভিযানে প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ায় সিআর সেভেনের চোখে-মুখে স্পষ্ট ফুটে ওঠে ব্যর্থতার ছাপ।

