হট টপিক
দাঁতের অবস্থা দেখেই মিলবে মৃত্যুর আভাস
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: মানুষের পরমায়ু ঠিক কতটা, তা কি শুধু মুখের ভেতরের দাঁত দেখেই বলে দেওয়া সম্ভব? সম্প্রতি এমনই এক চমকপ্রদ ও নজিরবিহীন দাবি করেছেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁদের দীর্ঘ গবেষণার পর দাবি করা হয়েছে, কোনও ব্যক্তির মুখে ঠিক ক’টি দাঁত অক্ষত রয়েছে এবং সেগুলির স্বাস্থ্য কেমন, তা পরীক্ষা করেই তাঁর মৃত্যুর বিষয়ে আগাম আভাস পাওয়া সম্ভব। এমনকি ওই ব্যক্তি দীর্ঘজীবী হবেন নাকি তাঁর অকাল মৃত্যু হতে পারে, তা-ও বোঝা যাবে দাঁতের হাল দেখে।
বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা স্বাস্থ্য এবং দাঁতের পারস্পরিক সম্পর্ক বুঝতে প্রায় ১ লক্ষ ৯০ হাজার মানুষের ওপর একটি বিস্তারিত সমীক্ষা চালিয়েছিলেন। এই বিশাল সংখ্যক মানুষজনদের প্রত্যেকেরই বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি। গবেষণার সুবিধার্থে তাঁদের মুখের সমস্ত দাঁত পরীক্ষা করে গবেষকেরা সেগুলিকে মূলত চারটি ভাগে ভাগ করেন— স্বাস্থ্যকর দাঁত, ফিলিং করা বা বাঁধানো দাঁত, ক্ষয়ে যাওয়া দাঁত এবং যেগুলি ভেঙে বা নষ্ট হয়ে মুখ থেকে হারিয়ে গিয়েছে।
দীর্ঘদিন ধরে এই বিপুল সংখ্যক প্রবীণ মানুষের জীবনযাত্রা, শারীরিক অসুস্থতা এবং দাঁতের ক্ষয় পর্যবেক্ষণ করার পর গবেষকেরা এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে, যাঁদের মুখের সিংহভাগ দাঁত সুস্থ এবং অক্ষত রয়েছে, তাঁদের গড় আয়ু অন্যদের তুলনায় অনেক বেশি। অন্যদিকে, যাঁদের অল্প বয়সেই বা বার্ধক্যের শুরুতেই বেশিরভাগ দাঁত ক্ষয়ে গিয়েছে বা পড়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে অকাল মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি থাকে।
চিকিৎসকদের মতে, দাঁত ও মাড়ির স্বাস্থ্যের সঙ্গে মানুষের হৃদযন্ত্র, হজম প্রক্রিয়া এবং পুষ্টির গভীর সংযোগ রয়েছে। দাঁত ভালো না থাকলে খাবার ঠিকমতো চিবিয়ে খাওয়া যায় না, যার সরাসরি প্রভাব পড়ে শরীরে। ওসাকা বিশ্ববিদ্যালয়ের এই নয়া গবেষণা দীর্ঘায়ু পাওয়ার ক্ষেত্রে দাঁতের যত্নের গুরুত্বকে আরও একবার প্রমাণ করল।

