বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কেষ্টকে ছাগল বলে কটাক্ষ মন্ত্রী দুধকুমারের

প্রকাশিত: ৪ জুন, ২০২৬
কেষ্টকে ছাগল বলে কটাক্ষ মন্ত্রী দুধকুমারের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী তথা বিজেপি নেতা দুধকুমার মণ্ডলের একটি রাজনৈতিক মন্তব্য ঘিরে বীরভূমের রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার রাতে ময়ূরেশ্বর যাওয়ার পথে বোলপুরে এসে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বীরভূমের দাপুটে নেতা হিসেবে পরিচিত অনুব্রতকে সরাসরি ‘ছাগল’ বলে কটাক্ষ করেন এই বিজেপি মন্ত্রী। তাঁর এই বিতর্কিত মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাতে বোলপুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পৌঁছালে দুধকুমার মণ্ডলকে উষ্ণ সংবর্ধনা জানান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ময়ূরেশ্বর কেন্দ্র থেকে জয়ী হয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভায় স্থান পাওয়ার পর, জেলা জুড়ে তাঁকে নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এদিনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েই নিজের পুরনো মেজাজে ধরা দেন মন্ত্রী এবং সরাসরি নিশানা করেন তৃণমূলের ‘কেষ্ট’ মণ্ডলকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুধকুমারবাবু বলেন, “কবিগুরু শান্তিনিকেতনের মাটিতে মানুষ দু’জন বড় নেতা-মন্ত্রীকে দেখেছেন। একদিকে কেষ্ট মণ্ডল, যাঁকে অনেকে বাঘ বলে।” এর পরেই সুর চড়িয়ে তিনি বলেন, “কিন্তু আমরা তাঁকে বাঘ মনে করি না, আমরা বলি ছাগ।” নিজের এই মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি আরও দাবি করেন, অনুব্রত মণ্ডল আজ রাজনৈতিক পরিস্থিতি দেখে ভয়ে লুকিয়ে পড়েছেন। সেই কারণেই তিনি বাঘ নন, বরং ছাগলের মতো আচরণ করছেন।
অনুব্রতকে কটাক্ষ করার পর নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা বোঝাতে একটি কবিতার পংক্তিও উদ্ধৃত করেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। তিনি বলেন, “বাঘের সঙ্গে লড়াই করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগের খেলায়, নাগের মাথায় নাচি।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বীরভূমে তৃণমূলের দাপটের সামনে তাঁরা মাথা নত করেননি, বরং বুক চিতিয়ে লড়াই করেই আজ এই জায়গায় পৌঁছেছেন।
রাজনৈতিক মহল মনে করছে, বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এবং বিজেপির ক্ষমতা বৃদ্ধির পর দুধকুমার মণ্ডলের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে অনুব্রতের ‘কেষ্ট’ গড় হিসেবে পরিচিত এই জেলায় এখন পদ্ম শিবিরের দাপট বাড়ছে। মন্ত্রীর এই আক্রমণের জবাবে চুপ কেষ্ট। আগামীতে কি বলেন সেটাই এখন দেখার। তবে মন্ত্রীর এই মন্তব্যে বিজেপি কর্মীরা যে খুশি, তা নিয়ে কোনো সন্দেহ নেই।