হট টপিক
বিশ্বকাপ জিতলে অবসর নেবেন মার্টিনেজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পেছনে সবচেয়ে বড় হাত ছিল গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। পেনাল্টি শুটআউটে তাঁর অবিশ্বাস্য সব সেভ আর্জেন্টিনাকে এনে দিয়েছিল সোনালী ট্রফি। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর লিওনেল মেসিদের সঙ্গে খেতাব ধরে রাখার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এমিও। ঠিক এই সময়েই সামনে এল চার বছর আগে করা মার্টিনেজের এক অদ্ভুত প্রতিজ্ঞার কথা।
১৯৬২ সালে ব্রাজিলের পর বিশ্বের আর কোনও দেশ পরপর দু'বার ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জিততে পারেনি। কাতার বিশ্বকাপ জয়ের পর মার্তিনেজ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা যদি পরপর দু'বার বিশ্বকাপ জিততে পারি, তবে আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেব।" সেই সময় কেন এমন কথা বলেছিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ‘দিবু’। তিনি জানান, কাতার জয়ের পর মনে হয়েছিল পরপর দু'বার বিশ্বসেরা হওয়া হয়তো কোনওভাবেই সম্ভব নয়। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা ফেভারিট দল হিসেবেই মাঠে নামবে।
মার্টিনেজের এই পুরনো প্রতিজ্ঞা নতুন করে সামনে আসায় ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ চর্চা শুরু হয়েছে। একদিকে ভক্তরা চান আর্জেন্টিনা আবার বিশ্বজয় করুক, অন্যদিকে প্রিয় গোলকিপারের এমন আচমকা অবসরের কথা ভাবতেও পারছেন না তাঁরা। তবে এমি স্পষ্ট করে দিয়েছেন যে, দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে তিনি প্রস্তুত।
তবে এবার আর্জেন্টিনার পথ মসৃণ নয়। ফেভারিট হিসেবে শুরু করলেও, বেশ কয়েকটা বাঁধা পেরোতে হবে। নকআউট রাউন্ডের শুরুতে স্পেন বা উরুগুয়ের মুখোমুখি হতে পারে মেসিরা। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হতে পারে। এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের এই কঠিনতম রেকর্ড ভেঙে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কাপ জিততে পারে কি না, আর মার্টিনেজও তাঁর সেই প্রতিজ্ঞা মেনে সত্যি সত্যিই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানান কি না।

