হট টপিক
নিজেকে ‘নিধিরাম’ বলে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (ববি)। শুক্রবার কলকাতা পুরভবনে এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এরপরই তিনি পুর চেয়ারপার্সন মালা রায়ের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্রটি জমা দেন। বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার মাত্র ছয় মাস বাকি থাকতেই তাঁর এই পদত্যাগ কলকাতার রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের একাধিকবারের কাউন্সিলার ফিরহাদ হাকিম ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রথমবার কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সাড়ে সাত বছর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলানোর পর কেন তিনি পদ ছাড়লেন। ইস্তফা দেওয়ার পর ববি হাকিম নিজের ক্ষোভ ও আবেগের কথা লুকিয়ে রাখেননি।
তিনি বলেন, "কলকাতার মেয়রের যে চেয়ারটায় নেতাজি সুভাষচন্দ্র বসু বা চিত্তরঞ্জন দাশের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন, তার একটা আলাদা সম্মান আছে। আমি কোনওভাবেই এই চেয়ারটার অবমাননা করতে পারি না।" একইসঙ্গে নিজের অসহায়তা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, "এতদিন মেয়র হিসেবে অনেক মানুষকে নানাভাবে সাহায্য বা রিলিফ দেওয়ার কাজ করেছি। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে সেটা আর সম্ভব হচ্ছে না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার অবস্থা—এমনভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। সেই কারণেই আজ সরে দাঁড়ালাম।" গত কয়েক দিন ধরেই ফিরহাদের ইস্তফার ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছিল। তা নয়া মাত্রা পায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্যে। সে সময় কুণাল মন্তব্য করেন, ‘ফিরহাদ হাকিম আগে একাধিকবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। নেত্রী তাতে সম্মতি দিয়েছেন।’

