বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মন্ত্রিসভায় ছায়া-কন্যা গার্গী, জল্পনা তুঙ্গে

প্রকাশিত: ২ জুন, ২০২৬
মন্ত্রিসভায় ছায়া-কন্যা গার্গী, জল্পনা তুঙ্গে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: বাংলার রাজনীতিতে তৈরি হলো এক বিরল মুহূর্ত। মায়ের পর এবার রাজ্যের নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিলেন মেয়ে। বাম জমানার দাপুটে মন্ত্রী ছায়া ঘোষের কন্যা গার্গী দাস ঘোষ এবার ঠাঁই পেলেন নতুন রাজ্য মন্ত্রিসভায়। মা রাজনীতি করেছিলেন বামপন্থী আদর্শ নিয়ে। মেয়ে জয়ী হয়েছেন বিজেপির টিকিটে। কান্দি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার দাঁড়িয়েই বাজিমাত করেছেন গার্গী। এবার প্রথমবার বিধায়ক হয়েই সোজা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় জায়গা করে নিলেন তিনি। কিন্তু কোন মন্ত্রক পেতে চলেছেন তিনি - এখন তা নিয়েই মুর্শিদাবাদ জেলা তথা রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলে ছায়া ঘোষ এক পরিচিত নাম। ফরোয়ার্ড ব্লকের টিকিটে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। সামলেছেন বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও। বাম জমানায় দু’বার মন্ত্রীও হয়েছিলেন। শেষ দফায় বিধায়ক থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০১-২০০৫ তিনি কৃষি বিপণন মন্ত্রী ছিলেন। তাঁর জনসংযোগের কথা আজও জেলার মানুষ মনে রেখেছেন। মায়ের সেই রাজনৈতিক উত্তরাধিকারই যেন অন্যভাবে বহন করছেন মেয়ে গার্গী। তবে মায়ের দল ফরোয়ার্ড ব্লক নয়, গার্গী বেছে নিয়েছেন পদ্ম শিবিরকে। এবারের বিধানসভা নির্বাচনে কান্দি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেন তিনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয় হাসিল করেন।
প্রথমবার ভোটে জিতেই মন্ত্রিসভায় ডাক পাওয়া যেকোনো নতুন রাজনীতিকের কাছেই এক বড় চমক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নতুন ক্যাবিনেটে গার্গীর ওপর আস্থা রেখেছেন। মুর্শিদাবাদ জেলা থেকে গার্গীর এই উত্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জেলার মানুষের আশা, মায়ের মতোই মেয়েও এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দেবেন।
এখন সবথেকে বড় প্রশ্ন হলো, গার্গী দাস ঘোষকে কোন দপ্তরের দায়িত্ব দেওয়া হবে? কান্দি তথা সমগ্র মুর্শিদাবাদ জেলা কৃষিপ্রধান এবং রেশম শিল্পের জন্য বিখ্যাত। এলাকার মানুষের একাংশের দাবি, তাঁকে কৃষি, নারী ও শিশু কল্যাণ অথবা কুটির শিল্পের মতো কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমবার মন্ত্রী হয়ে তিনি কীভাবে নিজের প্রশাসনিক দক্ষতা প্রমাণ করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। গার্গী দাস ঘোষ বলেন, দল আমাকে যোগ্য মনে করেছে, তাই প্রার্থী করেছে এবং মন্ত্রিত্ব দিয়েছে।