১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি, ‘সুপার সাব’ উন্দাভের ম্যাজিক
নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল দীর্ঘ এক যুগের অভিশাপ। ১২ বছর পর ফুটবল বিশ্বকাপের নক-আউট পর্বে পা রাখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর জার্মানির এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নেপথ্যে রইলেন এক ‘সুপার সাব’— ডেনিজ উন্দাভ।
প্রথম দুই ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখেননি জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। কিন্তু আইভরি কোস্টের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে রিজার্ভ বেঞ্চ থেকে মাঠে নেমে জোড়া গোল করে রাতারাতি জার্মান শিবিরের নতুন নায়ক হয়ে উঠলেন এই স্ট্রাইকার।শনিবার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের এই ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে জার্মানি। একই সঙ্গে টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে উন্দাভের মোট গোলসংখ্যা দাঁড়াল তিন।
এদিন ম্যাচের শুরু থেকেই জার্মানিকে চেপে ধরার চেষ্টা করে আইভরি কোস্ট। প্রথমার্ধের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় আফ্রিকান দেশটি। ১-০ গোলে পিছিয়ে পড়ে বেশ চাপে পড়ে যায় নাগেলসম্যানের দল। প্রথমার্ধে জার্মানির দুটি গোল বাতিল হওয়ায় হতাশা আরও বাড়ে জার্মান শিবিরে। প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে আইভরি কোস্ট।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও ম্যাচে ফিরতে পারছিল না জার্মানি। পরিস্থিতি বেগতিক দেখে ম্যাচের ৬০ মিনিটে ট্রিপল পরিবর্তন করেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। জামাল মুসিয়ালাকে তুলে মাঠে নামানো হয় ডেনিজ উন্দাভকে। মাঠে নামার মাত্র ৮ মিনিটের মাথায় কোচের আস্থার পূর্ণ মর্যাদা দেন উন্দাভ। ৬৮ মিনিটে নাদিয়েম আমিরির ক্রস থেকে এক অনবদ্য হেডে গোল করে জার্মানিকে ১-১ সমতায় ফেরান তিনি।
সমতা ফেরার পর দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিট) আসে সেই মাহেন্দ্রক্ষণ। ফেলিক্স এনমেচার বাড়ানো বল আইভরি কোস্টের বক্সের মধ্যে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন উন্দাভ। উন্দাভের এই নাটকীয় গোলের সঙ্গেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জার্মানি।
২০১৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকাতে পারল জার্মানি। এর আগের দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। উন্দাভের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর পরবর্তী ম্যাচগুলোতে তাঁকে শুরুর একাদশে দেখা যাবে কি না, তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে ফুটবল মহলে।

