হট টপিক
হলদিয়া থেকে নতুন ট্রেন চালুর দাবি বিধায়কের
প্রকাশিত: ৮ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ একদিকে হলদিয়ায় বন্ধ হয়ে থাকা রেলের কোচ ফ্যাক্টরি ফের দ্রুত খোলার জোরালো দাবি জানালেন স্থানীয় বিধায়ক প্রদীপ বিজলি। অন্যদিকে একই সঙ্গে হলদিয়া থেকে উড়িষ্যার পুরী সহ মোট পাঁচটি নতুন রুটে ট্রেন চালানোর জন্য তিনি রেল মন্ত্রকের কাছে লিখিত প্রস্তাব দিয়েছেন।
নবান্নে আয়োজিত রেলের এক উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এই দাবিগুলি উত্থাপন করেন হলদিয়ার বিধায়ক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেশের রেলমন্ত্রী, রাজ্যের একাধিক বিধায়ক এবং রেল ও রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের পদস্থ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন থমকে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে এবং নতুন যোগাযোগের পথ তৈরি করতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি জানান, পর্যটন ও ব্যবসায়িক প্রসারের কথা মাথায় রেখে তিনি রেলমন্ত্রীর কাছে হলদিয়া-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস চালানোর দাবি জানিয়েছেন। তাঁর দেওয়া প্রস্তাব অনুযায়ী, এই ট্রেনটি সপ্তাহের যে কোনো একটি নির্দিষ্ট দিনে রাত সাড়ে ৯টা নাগাদ হলদিয়া স্টেশন ছাড়বে এবং পরদিন সকাল ৬টায় পুরী পৌঁছাবে। এই রুটটি চালু হলে হলদিয়া ও সংলগ্ন অঞ্চলের মানুষের জগন্নাথ ধাম দর্শনের পথ অনেকটাই সহজ হবে।

