হট টপিক
লাথি খেয়ে কচুবনে গিয়েছিলেন, এবার পচা ডিম খেলেন জয়প্রকাশ
প্রকাশিত: ৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ফ্ল্যাট জবরদখল ও ফ্ল্যাটের মালকিনকে হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরে সল্টলেকে তীব্র জনরোষ দেখা দিল। শুক্রবার বিধাননগর উত্তর থানার পুলিশ ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে সল্টলেকের ওই বিতর্কিত ফ্ল্যাটে তল্লাশিতে যায়। পুলিশ গাড়ি থেকে জয়প্রকাশবাবুকে নামাতেই সেখানে উপস্থিত উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কোনো রকমে তাঁকে আড়াল করে ফ্ল্যাটের ভেতরে নিয়ে যায়।
জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে সাধারণ মানুষের এমন ক্ষোভ আছড়ে পড়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালের বিধানসভা উপনির্বাচনের সময় নদীয়ার করিমপুরের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। ভোটগ্রহণের দিন বুথ পরিদর্শনে গিয়ে উত্তেজিত জনতার লাথি খেয়ে রাস্তার পাশের কচুবনে উল্টে পড়ে গিয়েছিলেন তিনি। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক ভাইরাল হয়েছিল। তখন বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
কিন্তু রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু হয় না। সেই ঘটনার ঠিক দুই বছরের মাথায় দলবদল করে তৃণমূলে যোগ দেন জয়প্রকাশবাবু। তৃণমূলের এই প্রভাবশালী নেতা এবার নিজেই ফ্ল্যাট জবরদখলের মতো গুরুতর ফৌজদারি অপরাধে জড়িয়ে শ্রীঘরে ঢুকলেন। আর তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে ঘটনাস্থলে নিয়ে আসতেই এবার জুটল আমজনতার ‘প্রতিবাদী’ ডিমের আঘাত। এই ঘটনাকে কেন্দ্র করে বিধাননগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

