হট টপিক
কর্ণাটকের নতুন মন্ত্রিসভায় নেই মহিলা প্রতিনিধি
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তাঁর সঙ্গে আরও ১৩ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু নতুন এই সরকার গঠনের পরদিনই মন্ত্রিসভার সদস্য নির্বাচন নিয়ে দলের অন্দরে ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
বিক্ষোভের মূল কারণ নতুন ক্যাবিনেটের গঠন। নবগঠিত এই মন্ত্রিসভায় এখনও পর্যন্ত একজন মহিলা প্রতিনিধিকেও জায়গা দেওয়া হয়নি। এর পাশাপাশি, কর্ণাটকে বড় সংখ্যার সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও মাত্র একজন মুসলিম প্রতিনিধিকে মন্ত্রী করা হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন দলেরই একাংশ। তাঁদের দাবি, মন্ত্রিসভায় অন্তত একজন মহিলাকে মন্ত্রী করা হোক এবং মুসলিম মন্ত্রীর সংখ্যা বাড়িয়ে আরও চারজনকে অন্তর্ভুক্ত করা হোক।
মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে এই দাবি জানিয়ে দলের অভ্যন্তরে চাপ সৃষ্টি করা হচ্ছে। ক্ষুব্ধ নেতাদের মতে, নির্বাচনে যে সমস্ত নারী ও সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসকে দুহাত উজাড় করে ভোট দিয়েছেন, মন্ত্রিসভা গঠনে তাঁদের এভাবে উপেক্ষা করা একেবারেই ঠিক হয়নি। এতে ভুল বার্তা যাচ্ছে।
যদিও শিবকুমার শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মন্ত্রিসভার প্রথম ধাপ মাত্র। আগামী দিনে ক্যাবিনেট সম্প্রসারণের সময় সব পক্ষকে সমান সুযোগ এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হবে। তবে আপাতত এই মন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে কর্ণাটক কংগ্রেসের ভেতরের কোন্দল এবং অসন্তোষ প্রকাশ্য চলে এসেছে।

