বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচতলা থেকে পড়লেন আধিকারিক

প্রকাশিত: ১ জুন, ২০২৬
খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচতলা থেকে পড়লেন আধিকারিক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের খাদ্য ভবনে সোমবার সকালে খাদ্য ভবনের পাঁচতলা থেকে নীচে পড়ে গেলেন খাদ্য বিপণন দফতরের এক উচ্চপদস্থ নোডাল অফিসার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা খাদ্য ভবন চত্বরে তীব্র চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় ওই সরকারি আধিকারিককে উদ্ধার করে তড়িঘড়ি কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও দফতর সূত্রে জানা গিয়েছে, আহত ওই সরকারি আধিকারিকের নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তিনি খাদ্য বিপণন দফতরের যুগ্ম সচিব (Joint Secretary) পদমর্যাদার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নোডাল অফিসার হিসেবে কর্মরত। সপ্তাহের প্রথম দিনে অন্যান্য কর্মীদের মতোই তিনিও সকাল সকাল অফিসে এসে নিজের কাজ শুরু করেছিলেন। কিন্তু কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক বিপত্তি ঘটে। তবে তিনি ঠিক কীভাবে এবং কোন পরিস্থিতিতে পাঁচতলা থেকে নীচে পড়ে গেলেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শী এবং অফিসের কর্মচারীরা জানিয়েছেন, সোমবার সকালে অফিসের কাজ সবেমাত্র শুরু হয়েছিল। আচমকাই তাঁরা বাইরে ভারী কিছু পড়ার শব্দ পান। শব্দ শুনেই অফিসের নিরাপত্তা কর্মী ও অন্যান্য কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ভবনের এক তলার চত্বরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন যুগ্ম সচিব ইন্দ্রজিৎ ভট্টাচার্য। তাঁর মাথায়, চোখে এবং মুখে গুরুতর আঘাত লেগেছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় গোটা অফিসে।
তৎক্ষণাৎ অফিসের সহকর্মীরা পুলিশে খবর দেন এবং কোনো রকম ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক এবং মাথায় গভীর চোট রয়েছে। ঘটনার সময়ে খাদ্য ভবনের একতলায় বসেছিলেন দফতরের গাড়ির চালক অজয় দাস। তিনি বলেন, আমরা বসেছিলাম নীচে, দেখলাম উপর থেকে পড়লেন। তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। সে সময় জ্ঞান ছিল না।
এই ঘটনাটি স্রেফ একটি অসাবধানতাবশত দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ বা মানসিক অবসাদ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। তাঁরা খাদ্য ভবনের নিরাপত্তা কর্মী ও অন্যান্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ভবনের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।