হট টপিক
বিপাকে বিখ্যাত ‘খান স্যার’
প্রকাশিত: ৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ পটনার বহুল আলোচিত কোচিং বিতর্ক এবং গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে তদন্তের গতি বাড়িয়েছে পটনা পুলিশ। এই ঘটনায় দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষক ফৈজল খান ওরফে ‘খান স্যার’-এর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হওয়ার পর থেকেই চাপ উত্তরোত্তর বাড়ছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের শীর্ষ মহলের নির্দেশে ইতিমধ্যেই তিনটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, এই বিশেষ দলগুলি পটনা ও তার আশেপাশের বিভিন্ন সম্ভাব্য এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছে। মূল লক্ষ্য হলো ঘটনা সম্পর্কিত সিসিটিভি (CCTV) ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহ করা। তদন্তকারীদের দাবি, গত ২ জুন খান স্যারের ‘খান গ্লোবাল স্টাডিজ’ কোচিং সেন্টারের বাইরে অন্য একটি কোচিং সেন্টারের সঙ্গে ব্যাপক ঝামেলা, ভাঙচুর ও পাথর বৃষ্টি হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খান স্যারের নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি ছোঁড়েন।
গ্রেফতার হওয়া নিরাপত্তারক্ষীদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, খান স্যারের সরাসরি নির্দেশেই তাঁরা গুলি চালিয়েছিলেন। এর ফলেই অস্ত্র আইন এবং খুনের চেষ্টার অভিযোগে খান স্যারের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা রুজু করা হয়েছে। যদিও খান স্যারের দাবি, আত্মরক্ষার্থেই তাঁর রক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়েছিলেন। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং কোচিং সেন্টারের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের কোনো ধরণের গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে।

