অপ্রাকৃত প্রেমময়ীলীল
শ্রীমদ্ভাগবত এর দশম স্কন্ধে শ্রী ভগবানের রাসলীলা বর্ণনা করতে গিয়ে প্রথমেই বলা হয়েছে—ভগবানপি তা রাত্রীঃ শারদোৎফুল্লমল্লিকাঃ। বীক্ষ্য রন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ।। বস্ত্রহরণের দিনে গোপীদের শ্রীকৃষ্ণ বলেছিলেন, আগামী পূর্ণিমায় তোমাদের মনোরথ পূর্ণ হবে। আজ সেই দিন, মহারাসের, মহামিলনের দিন, শারদ-পূর্ণিমা। শ্রীশুকদেব বললেন- ভগবান হয়েও শ্রীকৃষ্ণ শরৎকালীন প্রস্ফুটিত মল্লিকা-কুসুম-শোভিত সেই সকল রজনী সমাগত দেখে যোগমায়-শক্তিকে আশ্রয় করে ক্রীড়া করতে ইচ্ছা করলেন। গোপীরা পূর্বজন্মে ঋষি ছিলেন। ভগবানকে পতিভাবে সেবা করার জন্য তাঁরা বৃন্দাবনে গোপী হয়ে জন্মেছিলেন। আধ্যাত্মিক রাজ্যে তাঁরা সকলেই ছিলেন বিশেষ উচ্চ অধিকারিনী। ভক্তিশাস্ত্রে যতরকম আধ্যাত্মিক অনুভূতির কথা আছে, গোপীরা রাসলীলাতে সে-সবের চরম অনুভূতি লাভ করেছিলেন। ভগবানকে পতিভাবে আলিঙ্গন করে, তাঁর সঙ্গে নৃত্যগীতাদি করে গোপীরা যে ব্রহ্মানন্দের আস্বাদ পেয়েছিলেন, পরমহংস শিরোমণি শ্রীশুকদেব সেই অমৃতময়ী কথাই রাসলীলাতে বর্ণনা করেছেন। রাসলীলা শ্রীকৃষ্ণের অপার্থিব লীলা। স্বর্গের দেবতারা পর্যন্ত রাসনৃত্য করতে সক্ষম নয়। কিন্তু দুঃখের বিষয় আমরা কোন জিনিস বুঝতে চাইলে জাগতিক জিনিস দিয়েই বুঝতে থাকি, তাছাড়া আমাদের বোঝার আর কোনো উপায় নেই। যেমন পঞ্চইন্দ্রিয়ের দ্বারা আমরা জগতের সব কিছু অনুভব করে থাকি। যদি আমাদের শত ইন্দ্রিয় থাকত তাহলে জগতকে ভিন্ন রূপে অনুভব করতাম। সেই রকম রাসলীলাকে যখন আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে বিচার করি, তখন তার মধ্যে শৃঙ্গার রসের কথা দেখতে পাই। আসলে এর মধ্যে জাগতিক ভাবের লেশমাত্রও নেই। রাসলীলা হচ্ছে মুক্তিদায়িনী ; ভক্তি এবং মুক্তি রসই এই লীলার একমাত্র রস। অজন্ম সংসার-বিরাগী পরমহংস শিরোমণি শুকদেব এই লীলার কথা বলছেন মহারাজ পরীক্ষিতকে, যাঁর কয়েকদিন পরেই মৃত্যু হবে, আর সেখানে উপস্থিত রয়েছেন অসংখ্য মুনি ঋষিরা। সেখানে ভোগের খরিদ্দার কেউ ছিলেন না। আর আমরা হরিনাম সংকীর্তন এর আসরে রাসলীলা শুনে লৌকিক ভোগ আনন্দে নৃত্য করি। যিনি রাসলীলা বর্ণনা করেন তিনিও নিষ্কাম নন, আর যারা আমরা শুনি আমরাও কেউ নিষ্কাম নই। তাই ভাবতে হবে রাসলীলা কে পরিবেশন করছেন, এবং কাদের কাছে পরিবেশন করছেন! ব্রহ্মর্ষি শুকদেব এই রাসলীলা বর্ণনা করার পর শেষ কথা বলেছেন—ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা যে শ্রদ্ধার সঙ্গে বলবে অথবা শুনবে, সে হৃদরোগজনিত কাম থেকে মুক্ত হয়ে ভগবানে পরাভক্তি লাভ করবে। সুতরাং এই প্রাপ্তি কি কখনো জাগতিক ভোগ-বিলাসের আলোচনায়, কীর্তনের আসরে লাভ করা সম্ভব?

